হাসপাতালের এমডি ও দুই চিকিৎসক দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল আহাদ ও দুই চিকিৎসকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন গতকাল রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া দুই চিকিৎসক হলেন হাসপাতালটির প্রধান পরামর্শক শিশির রঞ্জন দাস (৫৫) ও চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন (২৮)। পুলিশের মোহাম্মদপুর এলাকার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হাফিজ আল ফারুক বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ অক্টোবর বিকেলে এঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ৫৪ ধারায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ২ অক্টোবর রাত নয়টা থেকে ১২টার মধ্যে ওই হাসপাতালের তিন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চিকিৎসকদের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে বলে সন্দেহ হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ওই তিনজনের আইনজীবী শরীফউদ্দিন ভুঁইয়া তাঁদের জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) শামিউল ইসলাম দেশের সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিককে জনবল ও যন্ত্রপাতির তালিকা আগামী ১০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি এ নির্দেশ দিয়ে বলেন, বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক নির্দিষ্ট সংখ্যায় শয্যার অনুমতি নিয়ে বিশেষায়িত সেবা দিচ্ছে। যন্ত্রপাতি এবং জনবলের অভাবে এসব হাসপাতাল ও ক্লিনিকে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্যের অভাবে ঠিকভাবে নজরদারি করতে পারছে না। ১০ দিনের মধ্যে তথ্য সরবরাহ না করলে হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংশোধনী: গতকাল বেসরকারি হাসপাতালে এক ঘণ্টার মধ্যে তিন শিশুর মৃত্যু শিরোনামে প্রকাশিত সংবাদে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারের নাম ও পদবি ভুল ছাপা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা দুঃখিত।

আরও পড়ুন: