হাসপাতালের ওষুধ এনে দোকানে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুনা বড়ুয়া সরকারি ওষুধ এনে দিতেন তাঁর স্বামীর জনকল্যাণ ফার্মেসিতে। গতকাল মঙ্গলবার নগরের মির্জারপোলের ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়।
রুনার স্বামী অনিক বড়ুয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওষুধ প্রশাসনের ছাড়পত্র না থাকায় দোকানটিও সিলগালা করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। একই আদালত নগরের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ছয়টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।
আদালত সূত্র জানায়, অনিক তাঁর স্ত্রীর মাধ্যমে সরকারি ওষুধ দোকানে এনে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তাঁদের মির্জারপোলের বাসায় অভিযান চালিয়েও কিছু সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।
জানতে চাইলে রুনা বড়ুয়া বলেন, ‘আমি হাসপাতাল থেকে কোনো সরকারি ওষুধ দোকানে এনে বিক্রির জন্য দিইনি। মাঝেমধ্যে আমরা নিজেরা খাওয়ার জন্য কিছু ওষুধ হয়তো আনি।’ ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাহফুজুর রহমান বর্তমানে দেশের বাইরে আছেন। তাঁর জায়গায় দায়িত্ব পালন করছেন একই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দীনেশ চন্দ্র শীল। তিনি বলেন, ‘কখন কীভাবে কার কাছ থেকে ওষুধ জব্দ করেছে, সেটি আমার জানা নেই। আগামীকাল (বুধবার) হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা যাবে।’
এ ছাড়া অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চকবাজারের এরোমা ফার্মেসিকে তিন হাজার টাকা, গোল পাহাড় এলাকার চৌধুরী ফার্মেসিকে পাঁচ হাজার, গোল পাহাড় মোড়ের জনসেবা ফার্মেসিকে দুই হাজার, জেসি ফার্মেসিকে দুই হাজার, মির্জারপোল এলাকার নাহার ফার্মেসিকে ১০ হাজার ও রুবি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানে ফুড সাপ্লিমেন্ট ও চিকিৎসকদের স্যাম্পলও বিক্রি করা হচ্ছিল।