হাসপাতালের ওষুধ বারান্দায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার খোলা বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে আছে কার্টনভর্তি ওষুধ। রয়েছে শয্যা, আসবাব, স্যালাইন স্ট্যান্ডসহ নানা সরঞ্জামও। মাঝেমধ্যে এমন অবস্থা দাঁড়ায় যে ওষুধ ও যন্ত্রপাতি মাড়িয়ে যেতে হয় বিভিন্ন কক্ষে।
বছরের পর বছর খোলা বারান্দাটি ব্যবহূত হচ্ছে গুদাম হিসেবে। এখান থেকেই চট্টগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও ৯২টি উপজেলা এবং ইউনিয়ন হাসপাতালে ওষুধ ও সরঞ্জাম বিতরণ করা হয়। গুদামের অভাবে রোদ, বৃষ্টি, ঝড়ে নষ্ট হচ্ছে ওষুধ ও সরঞ্জাম। ১০০ বছরেও চট্টগ্রাম জেলার জন্য একটি ওষুধের গুদাম হয়নি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কার্যালয়ের অবস্থা এমন হয় যে মাঝেমধ্যে মনে হয় একটি গুদামে আছি আমরা। জেনারেল হাসপাতাল হয়েছে ১০০ বছর। এখন পর্যন্ত একটি গুদাম হয়নি। অথচ এখান থেকে জেলার সব ওষুধ সরবরাহ করা হয়।’
জানা গেছে, ১৯০১ চট্টগ্রামের জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পরে বিভিন্ন পর্যায়ে শয্যা বাড়িয়ে এটিকে বর্তমানে ২৫০ শয্যায় উত্তীর্ণ করা হয়। এ ছাড়া উপজেলার ১৯টি হাসপাতাল রয়েছে। এ ছাড়া ৭৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ৩৫২টি কমিউনিটি ক্লিনিক, নয়টি আরবান ডিসপেনসারি, একটি বক্ষব্যাধি ক্লিনিক রয়েছে। এসব হাসপাতালের জন্য ওষুধ ও সরঞ্জাম বিতরণ করা হয় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে।
সরেজমিনে দেখা গেছে, সিভিল সার্জন কার্যালয়ে নিচতলার বারান্দায় বিভিন্ন ওষুধের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির টিকাও রাখা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় এসব রাখতে হয়। বারান্দায় দুটি ফ্রিজও দেখা গেছে। এ ছাড়া বরফে আবৃত বিভিন্ন বাক্সও আছে। অর্থবছরের শুরুতে এখানে বিভিন্ন শয্যা ও বিছানাপত্রও রাখা হয় বলে কর্তব্যরত কর্মকর্তারা জানান।
সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডার রক্ষক এইচ এম আহসানুল হক বলেন, ‘আমাদের কোনো গুদাম নেই। তবে হাসপাতালের একটি কক্ষে কিছু মালপত্র রাখি। তাতে সংকুলান হয় না। তাই বারান্দায় রাখতে হয়। বৃষ্টির সময় বারান্দার গ্রিলের দিকে ত্রিপল দিয়ে রাখি।’
ত্রিপল দিলেও বৃষ্টির দিনে বারান্দাটিতে পানি পড়ে। স্যাঁতসেঁতে হয়ে থাকে। এটি ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য ক্ষতিকর। অতীতে চুরির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। প্রতি মাসে কমপক্ষে কোটি টাকার ওষুধ এই বারান্দায় পড়ে থাকে বলে জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০১২-১৩ সালে মোট চার কোটি ৮৮ লাখ টাকার এবং ২০১১-১২ সালে চার কোটি টাকার ওষুধ ৯৩টি হাসপাতালের জন্য আসে।
সিভিল সার্জন সরফরাজ খান বলেন, প্রতিদিন কোটি টাকার ওষুধ ও সরঞ্জাম থাকে। কিন্তু দুর্ভাগ্য চট্টগ্রামের শতাধিক হাসপাতালের জন্য কোনো গুদাম তৈরি হয়নি এত দিনেও।