হাসপাতালের কর্মচারীকে নির্যাতন করে হত্যা!
অর্থ চুরি করার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বেসরকারি চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালের এক কর্মচারীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোহেল নামের ওই কর্মচারী উপজেলার পূর্ব চান্দিশকড়া (পশ্চিম ধনমুড়ি) গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৩৫ হাজার টাকা চুরি করে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান সোহেল। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দাউদকান্দি এলাকা থেকে তাঁদের দুজনকে একটি বাস থেকে আটক করে হাসপাতালে নিয়ে আসে। রাতে হাসপাতালের একটি কক্ষে সোহেলকে বেদম মারধর করে তাঁর কাছ থেকে এক লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সোহেলের মা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে ভর্তি করেন। রোববার রাতে সেখান থেকে কুমিল্লায় নেওয়ার পথে সোহেল মারা যান। গতকাল সোমবার সকালে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে সামাজিকভাবে আপসরফা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর দাফনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সোহেলকে দুই ঘণ্টা বেঁধে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে খোদেজা বেগম অভিযোগ করেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এক লাখ ৩৫ হাজার টাকা চুরির দায়ে হাসপাতালের অন্য কর্মচারীরা সোহেলকে দাউদকান্দি থেকে ধরে নিয়ে আসেন। এ সময় সোহেলের কাছ থেকে এক লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার জন্য আটক রাখা অবস্থায় অন্য একটি চুরির ঘটনায় মতিন এবং মনু নামের দুজন বহিরাগত লোক সোহেলকে মারধর করেছেন বলে তিনি শুনেছেন। চৌদ্দগ্রাম থানার এসআই শাহ আলম বলেন, লাশের ডান হাতের কবজি ভাঙা, হাতের আঙুল প্লাস (যন্ত্র) দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে এবং পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকেলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।