হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত, কারখানায় উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গত শনিবার নোয়াখালীতে ছোট-বড় শিল্পকারখানায় উৎপাদন মারাত্মক ব্যাহত হয়। একই কারণে বন্ধ রাখতে হয় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বনির্ধারিত অস্ত্রোপচার কার্যক্রমও।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী নুরুল হক ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় গ্রিড থেকে সীমিত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যা দিয়ে জেলা শহর এবং কয়েকটি উপজেলা সদরে আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর রাত ১১টার দিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, শনিবার বিদ্যুৎ বিপর্যয়ের সময় হাসপাতালের সার্জারি ও প্রসূতি বিভাগে রোগীদের অস্ত্রোপচার চলছিল। পরে টর্চলাইট ও মোমবাতি জ্বালিয়ে অস্ত্রোপচারের কাজ শেষ করা হয়।
ফরিদ উদ্দিন চৌধুরী আরও জানান, জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে সার্জারি বিভাগের চারজন ও প্রসূতি বিভাগের তিন-চারজন রোগীর অস্ত্রোপচার করা যায়নি। যাঁদের অস্ত্রোপচার করা যায়নি, তাঁদের কোনো সমস্যা হয়নি।
গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক ওয়াহিদ উল্লা তালুকদার ও গ্লোব সফট ড্রিংসের ডেপুটি প্ল্যান্ট ম্যানেজার (ডিপিএম) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়ের কারণে তাঁদের দুটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। তাঁরা জানান, তাঁরা কর্মীদের শনিবার আগাম ছুটি দিতে বাধ্য হয়েছেন।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কারখানা দুটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি ওই দুই কর্মকর্তা।
প্রভিটার মহাব্যবস্থাপক (জিএম) লুৎফর রহমান খান বলেন, তাঁদের তিনটি প্ল্যান্টে সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন হয়। শনিবার বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করে প্ল্যান্ট চালু রাখা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
নোয়াখালীর সোনাপুর বিসিকের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সোনাপুর বিসিকের ১৯টি কারখানার মধ্যে ১৭টির উৎপাদন বন্ধ ছিল।
জেলা শিল্প সহায়ক কেন্দ্রের সম্প্রসারণ কর্মকর্তা ও চৌমুহনী বিসিকের কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তপন মিত্র জানান, শনিবার সেখানকার ৭২টি শিল্পকারখানার প্রায় সবগুলোর উৎপাদন বন্ধ ছিল।