হাসপাতালের কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার, রোগনির্ণয় কেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের জরুরি সেবাকক্ষ থেকে সরকারি কোয়ার্টারটির দূরত্ব মাত্র কয়েক গজ। কোয়ার্টারের তিনটি কক্ষের একটি ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত চেম্বার হিসেবে। অভিযোগ আছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকুল উদ্দিন দীর্ঘদিন ধরে এই কোয়ার্টারে তাঁর চেম্বারে ফি নিয়ে রোগী দেখছেন। এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অনেক রোগীকে দালালেরা ভালো চিকিৎসাসেবার কথা বলে কোয়ার্টারে পাঠিয়ে দেয়।গত রোববার সকাল সাড়ে আটটায় ওই কোয়ার্টারের দোতলায় গিয়ে বিভিন্ন বয়সী রোগীর দেখা মেলে। সেখানে মধ্যবয়সী এক ব্যক্তি এই প্রতিবেদককে দেখেই বললেন, ‘তাড়াতাড়ি নাম লেখান, স্যার বেশিক্ষণ থাকবেন না।’ নাম লেখানোর পরপরই আরেকজন তড়িঘড়ি ওজন ও রক্তচাপ মেপে নিলেন। উঁকি দিয়ে দেখা গেল, আরএমও আকুল উদ্দিন একটি কক্ষে রোগী দেখায় ব্যস্ত। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সময়সূচি অনুযায়ী এ সময় তাঁর হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার কথা। কক্ষের এক পাশে তিনি রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। পেছনের দেয়ালে লেখা, ‘এখানে আলট্রাসনোগ্রাফি করা হয়’। পাশেই আলট্রাসনোগ্রাফি, ইসিজিসহ বিভিন্ন রোগনির্ণয় যন্ত্র। এগুলো চালাতে ব্যস্ত আরও দুই ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী এই প্রতিবেদককে জানান, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে সখ্যের কারণে মানের দিক বিবেচনা না করে ওই চিকিৎসক ব্যবস্থাপত্রে নির্দিষ্ট কিছু কোম্পানির ওষুধ সেবনের পরামর্শ দেন এবং রোগীদের নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনতে বলা হয়।এলাকাবাসীর অভিযোগ, মাঝে দুবার কিছুদিনের জন্য অন্যত্র বদলি হলেও আকুল উদ্দিন এই হাসপাতালের আরএমও হিসেবে পাঁচ-ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। সরকারি কোয়ার্টারে ওঠার পর থেকেই তিনি একটি কক্ষে আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করে ব্যবসা করে আসছেন। দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে কোনো রোগী এলে তাকে ভালো করে দেখার জন্য ওই কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বারে যেতে বলা হয়। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে ১০টা, দুপুর দেড়টা থেকে আড়াইটা ও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আরএমও ওই ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন বলে স্থানীয় সূত্র জানায়। সরকারি কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার বানিয়ে রোগী দেখা প্রসঙ্গে আকুল উদ্দিন বলেন, ‘আমাকে সরকারি ভবনে থাকতে বলা বলা হয়েছে। কিন্তু এখানে রোগী দেখা যাবে না—এমনটি বলা হয়নি।’ তিনি আরও বলেন, ‘দেশের অনেক জায়গায় সরকারি চিকিৎসকেরা আবাসিক ভবনে রোগী দেখেন। তাই আমিও দেখি।’ নির্দিষ্ট কিছু কোম্পানির ওষুধ লেখার অভিযোগ কথা তিনি অস্বীকার করেন।কুষ্টিয়ার সিভিল সার্জন জামাল উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, অফিস সময়সূচি ছাড়া কোয়ার্টারে রোগীদের সেবা দেওয়া যায়। তবে অফিস সময়ে কেউ এ ধরনের সেবা দিতে পারেন না।