হাসপাতালের গাছ কেটে বিক্রি, মামলা করেও প্রত্যাহার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১টি মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও অজ্ঞাত কারণে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী স্থানীয় কিছু মানুষের সঙ্গে যোগসাজশ করে মসজিদের উন্নয়নের নামে ১১টি গাছ কাটার অনুমতি চেয়ে স্থানীয় সাংসদ ও ইউএনওর কাছে আবেদন করেন। কোনো অনুমতি না মিললেও ওই চক্রটি গোপনে গাছগুলো কেটে নেয়। গাছগুলো কয়েক লাখ টাকায় বিক্রি করা হলেও মসজিদের তহবিলে মাত্র ২২ হাজার টাকা জমা দেখানো হয়। ঘটনা জানাজানি হলে ইউএনও সরেজমিনে পরিদর্শন করে মামলা করার জন্য নির্দেশ দেন। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আওয়াল আবাসিক চিকিৎসক আবদুর রহমানকে দিয়ে থানায় একটি অভিযোগ করেন। কিন্তু অদৃশ্য কারণে অভিযোগটি পরে প্রত্যাহার করে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আওয়াল জানান, গাছ কাটার সময় তিনি উপস্থিত ছিলেন না। এর আগে গাছগুলো কাটার জন্য সাংসদের অনুমতি চেয়েও পাওয়া যায়নি। এলাকার কতিপয় লোক গাছগুলো কেটেছে। বিষয়টি জানার পর ইউএনওর নির্দেশে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন সরকার জানান, একটি অভিযোগ দেওয়া হলেও পরবর্তী সময়ে বন বিভাগের কাছে অভিযোগ দেওয়ার কথা বলে তা প্রত্যাহার করে নেওয়া হয়। অভিযোগ না থাকায় তদন্ত করা সম্ভব হচ্ছে না। ইউএনও মো. রাসেল সাবরিন জানান, সরকারি গাছগুলো কাটার বিষয় জানার পর পরিদর্শন করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ বিষয়ে তদারক করা হবে।