হাসপাতালের গেটে সম্মেলন, ভিড় মাইকের শব্দে চিকিৎসা ব্যাহত
চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রবেশপথেই প্যান্ডেল বসিয়ে সম্মেলন করায় গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা বিঘ্নিত হয়। অফিস সময়ে আয়োজিত এ সম্মেলনে দৃশ্যত অর্ধেক কর্মচারীই যোগ দেন।চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সূত্র জানায়, রাজস্ব খাতভুক্ত কোনো হাসপাতাল স্বায়ত্তশাসিত ও আধাসরকারি প্রতিষ্ঠানে রূপান্তর না করাসহ সাত দফা দাবিতে ঢাকাসহ সারা দেশের হাসপাতাল থেকে কর্মচারীরা এ প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবনের সামনে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে কর্মচারীরা অংশ নেন। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি শারফুদ্দিন আহমেদ ভূঁইয়া এতে বক্তব্য দেন। সম্মেলনের জন্য বহির্বিভাগ ভবনের উত্তর দিকে রোগীদের চলার পথে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়। সকাল থেকে রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতাল থেকে কর্মচারীরা মিছিল করে প্যান্ডেলস্থলে জড়ো হতে থাকেন। একসময় প্যান্ডেলে মাইক লাগিয়ে গানবাজনা শুরু হয়। বহির্বিভাগের একাধিক ফটক ও মেডিসিন স্টোর ভবনের ফটকের সামনে মানুষে ভরে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, প্রবেশপথে ভিড়ের কারণে বেশ কিছু রোগী ফিরে যেতে বাধ্য হন। প্রচণ্ড শব্দে বহির্বিভাগের তৃতীয় তলায় চিকিৎসাধীন রোগীদের চরম অসুবিধায় পড়তে হয় বলে তাঁরা অভিযোগ করেছেন। ট্রলি ও সহায়তাকারী না পেয়ে স্বজনদের অনেক রোগীকে রাস্তা থেকে পাঁজাকোলা করে হাসপাতালে নিতে হয়। বহির্বিভাগের শল্য বিভাগের একজন নারী কর্মী প্রথম আলোকে জানান, এ বিভাগে তিনিসহ তিনজনের দায়িত্ব পালন করার কথা। কিন্তু তাঁকে রেখে দুজন সম্মেলনে গেছেন।প্রতিদিন ওষুধ কাউন্টারের সামনে সারি সারি মানুষের ভিড় দেখা গেলেও গতকাল জায়গাটি ছিল অনেকটা ফাঁকা। মেডিসিন স্টোরের প্রধান মশিউর রহমান বলেন, সকালে গানবাজনার তোড়ে তিনি দপ্তরে ঢুকতে পারেননি। স্টোরের ফটকের সামনে ভিড়ের কারণে গাড়িতে আসা স্যালাইন সরবরাহ গ্রহণ করা যায়নি।বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সদস্যসচিব হেলালউদ্দিন বলেন, চিকিৎসাসেবায় যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য প্রতিটি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে গঠিত ‘জরুরি স্কোয়াড’ কাজ করছে। তবে ঢাকা মেডিকেলে এমন বিশেষ কোনো স্কোয়াডের তৎপরতা দেখা যায়নি।