হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসকের দেখা পাওয়া যায় না, চিকিৎসা পেতে বিলম্ব হয়। এই অভিজ্ঞতা হাসপাতালে ভর্তি হওয়া দুই-তৃতীয়াংশ রোগীর। ২৫ শতাংশ রোগীর অভিযোগ, চিকিৎসকেরা ব্যবস্থাপত্রের বিষয় তাঁদের বুঝিয়ে বলেন না। তাঁরা বলেছেন, চিকিৎসাকেন্দ্রে গোপনীয়তার ব্যবস্থা পর্যাপ্ত নয়, জরুরি সেবার কক্ষের মান সন্তোষজনক নয়। তারপরও প্রায় ৮০ শতাংশ রোগী চিকিৎসা পেয়ে সন্তুষ্ট।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি শাখার এক সমীক্ষায় এসব তথ্য পাওয়া গেছে। বেসরকারি প্রতিষ্ঠান সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশন স্বাস্থ্য অর্থনীতি শাখার পক্ষে এই সমীক্ষা করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সমীক্ষায় দেখা গেছে, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনীতি একটি চ্যালেঞ্জ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও শাখার কর্মকর্তাদের পদোন্নতির জটিলতাও ইতিবাচক পদক্ষেপের জন্য বাধা। কর্মকর্তাদের একেবারে কোনো প্রশিক্ষণ না থাকাও সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে অন্তরায়।
যশোর, ভোলা, মৌলভীবাজার, পঞ্চগড়, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, শেরপুর ও নাটোর—এই ৮টি জেলায় ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত সমীক্ষা করা হয়। এসব জেলার ৮টি জেলা হাসপাতাল, ৮টি বেসরকারি হাসপাতাল, ৮টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ৮টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং ৮টি কমিউনিটি ক্লিনিকের সেবা পরিস্থিতির তথ্য সংগ্রহ করা হয়। রোগী ও হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১ হাজার ৭২৮ জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়।
সোশ্যাল সেক্টর ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, কিছু নির্বাচিত সূচকের ভিত্তিতে স্বাস্থ্যসেবার মান জানাই ছিল এই সমীক্ষার প্রধান উদ্দেশ্য।
সমীক্ষায় দেখা গেছে, প্রায় অর্ধেক রোগী চিকিৎসককে কোনো প্রশ্ন করতে পারেন না। প্রতি চারজন রোগীর একজন বলেছেন, হাসপাতালে তাদের সম্মান দেখানো হয় না। দুই-তৃতীয়াংশ রোগী বলেছে, হাসপাতালের খাবার ভালো নয়। তবে ৮০ শতাংশ রোগী হাসপাতালের সেবায় সন্তুষ্ট।
রোগীর সন্তুষ্টির ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও বিশিষ্ট চিকিৎসক রশীদ-ই-মাহবুব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমীক্ষার যথার্থতা নিয়ে তাঁর সন্দেহ আছে। সরকারি হাসপাতালে বেশি যায় দরিদ্র মানুষ, তারা জানে না কোন সেবার কী মান হওয়া উচিত। তারা যা পায়, তাতেই সন্তুষ্ট থাকে।