চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা সহকারীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি তাঁকে ‘চোর’ অভিহিত করে পিটুনি দেন বলে জানা গেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে থাকা কিছু ওষুধও জব্দ করেন ওই সাংসদ।মারধরের শিকার চিকিৎসা সহকারীর নাম বিপ্লব চৌধুরী। হাসপাতালের নির্ধারিত পাঁচ টাকা ফির পরিবর্তে রোগীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন অভিযোগ করে সাংসদ তাঁকে মারধর করেন বলে তিনি জানান। তবে বিপ্লব নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘বেশি টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা। আমাকে শুধু শুধু মারধর করা হয়েছে।’তবে সাংসদ সামশুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিপ্লব বস্তাভরে ওষুধ নিয়ে যাচ্ছিল। এ সময় হাসপাতালের রোগীরা উত্তেজিত হয়ে তাঁকে মারধর করতে চাইলে আমি তাঁকে উদ্ধার করে পুলিশে দিই। হাসপাতালের বিভিন্ন রোগী চিকিৎসা ও সেবার মান খারাপ বলে আমার কাছে অভিযোগ করেছে। যখন তখন টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করেছে। তাই আমি পরিদর্শনে এসেছি।’ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে সাংসদ সামশুল হক আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ পটিয়া ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে যান। এ সময় তিনি জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা সহকারী বিপ্লব চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘জরুরি চিকিৎসা ফি পাঁচ টাকা। তুই মানুষের কাছ থেকে ২০-৩০ টাকা কেন নিচ্ছিস? একটু আগে এক মহিলা আমাকে অভিযোগ করেছে।’ বিপ্লব অভিযোগ সত্য নয় বলার সঙ্গে সঙ্গে সাংসদ তাঁকে চড়-থাপড় ও কিল-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে সাংসদ পাশে চিকিৎসকদের বিশ্রামকক্ষে ঢোকেন। সেখানে আলমারিতে হাসপাতালের কিছু জরুরি ওষুধ ও চিকিৎসকদের স্যাম্পলের ওষুধগুলো রোগীদের না দিয়ে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিপ্লবকে লাঞ্ছিত করা হয়।তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য বলেন, ঘটনাটি দুঃখজনক। ওই ওষুধগুলো হাসপাতালের রেজিস্টারে নিবন্ধিত। রাখার জায়গা নেই বলে জরুরি বিভাগের পাশের কক্ষে রাখা হয়েছে। আর চিকিৎসকদের বিভিন্ন স্যাম্পলও সেখানে রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে তা রোগীদের দেওয়া যায়। যদি বিপ্লবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে, তাহলে তা তদন্ত করে দেখা হবে।পরে সাংসদ ওষুধগুলো বস্তাবন্দী করে থানা পুলিশকে বুঝিয়ে দেন। বিপ্লবকেও পুলিশের হাতে তুলে দেন।এ প্রসঙ্গে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল হক বলেন, বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে।