হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা
শরীয়তপুর সদর হাসপাতালের মূল ভবনের নিচতলার ছাদে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা ও সুরকি। এমন পরিস্থিতিতে রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যদিও শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। সংস্কার করতে হবে।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, ১৯৮৮ সালে শরীয়তপুর সদর হাসপাতালের দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর ভিত্তি ছিল (ফাউন্ডেশন) দোতলা পর্যন্তই। তখন হাসপাতালটি ৫০ শয্যার ছিল। ২০০৩ সালে এটাকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তখন ভবনটিতে ৫০টি অতিরিক্ত পিলার (খুঁটি) স্থাপন করে তৃতীয় তলায় উন্নীত করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ওই বর্ধিত অংশের কাজ করা হয়।
গত বুধবার থেকে হাসপাতাল ভবনের নিচতলার জরুরি বিভাগের সামনে, আবাসিক চিকিৎসা কর্মকর্তার কক্ষে, বহির্বিভাগের চিকিৎসকদের কক্ষের সামনে, হাসপাতাল ভবনে প্রবেশপথের তিন দিকের ছাদে ফাটল সৃষ্টি হয়েছে।
আজ রোববার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবনের প্রথম তলার ছাদের ১৫টি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। ওই স্থানগুলো থেকে পলেস্তারা ও সুরকি ভেঙে পড়ছে। অন্তর্বিভাগ ও বহির্বিভাগের রোগীরা ওই স্থানগুলো এড়িয়ে চলছেন। আর যখন বাধ্য হয়ে ওই স্থান ব্যবহার করছেন, তখন তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুধু রোগীরই নন, এমন আতঙ্ক দেখা গেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও।
শরীয়তপুর সদর উপজেলার সুজনদোয়াল গ্রামের হাসিনা বেগম ২৯ দিন বয়সী ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আজ দুপুর ১২টার দিকে দ্বিতীয় তলা থেকে নেমে ছেলের ওষুধ আনার জন্য বাইরে যাচ্ছিলেন। সামনে হাঁটছেন আর আতঙ্ক নিয়ে বারবার ছাদের দিকে তাকাচ্ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামার পরই ছাদের ফাটলের স্থান। মাঝেমধ্যেই সিমেন্ট–সুরকির বড় বড় অংশ পড়ছে। এ স্থান দিয়ে যাওয়ার সময় ভয় লাগে। এভাবে একটি হাসপাতালে থাকা যায়?
রোববার বেলা ১১টার দিকে চিকিৎসক এহসানুল হকের কক্ষের সামনে বেশ কয়েকজন রোগীকে অপেক্ষারত দেখা যায়। সেখানে সদর উপজেলার রুদ্রকর গ্রামের সাফিয়া বেগম ও মেহেরজান প্রথম আলোকে জানান, এক ঘণ্টা ধরে তাঁরা চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা করছেন। কিন্তু সবার নজর একটু পরপরই ছাদের দিকে। কারণ কখন ছাদের পলেস্তারা খসে তাঁদের ওপর পড়ে।
শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জলিলুর রহমান বলেন, ঢাকা থেকে গণপূর্ত অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রকৌশলীরা হাসপাতালের ভবন পরীক্ষা করে দেখেছেন। তাঁরা সংস্কার করার পরামর্শ দিয়েছেন। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে শিগগিরই হাসপাতাল ভবনের ছাদের সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, ‘২৯ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়েছে। এত অল্প সময়েই ছাদে ফাটল দেখা দিল কীভাবে? প্রথম তলার পুরো ছাদেই ফাটল, খসে পড়ছে পলেস্তারা, ইটের সুরকি ও সিমেন্ট বালুর মিশ্রণ। আমার কক্ষের ভেতরেও একই অবস্থা। পাঁচ দিন যাবৎ কক্ষে বসতে পারছি না।’