হাসপাতালের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ছাদ থেকে পড়ে গতকাল শুক্রবার একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সিদ্দিকুর রহমান (৬৫) নামের ওই চিকিৎসক পুরান ঢাকার ওই হাসপাতালের চিকিৎসক ছিলেন।সূত্রাপুর থানার পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা পৌনে দুইটার দিকে তিনি হাসপাতালের ছাদে যান। সেখান থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বেশ হতাশ ছিলেন।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলী প্রথম আলোকে বলেন, সাততলা ওই হাসপাতালের ছাদে চারদিকে তিন-চার ফুট উঁচু রেলিং আছে। তাই মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।চিকিৎসকের ভাই মাহমুদ রহিম বলেন, তাঁর ভাইকে দেখাশোনার জন্য হাসপাতালে বাসার কাজের ছেলে ছিল। ছেলেটি জুমার নামাজ পড়তে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিকুর চোখেও কম দেখতেন। অসাবধানতাবশত পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে।