হাসপাতালের জরুরি বিভাগে যুবককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন লিপটন বিশ্বাস (২৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার সময় জরুরি বিভাগের জিনিসপত্র ভাঙচুর করে হামলাকারীরা।আহত লিপটন শহরসংলগ্ন মানিকদাহ গ্রামের মো. ছাদেক বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাত নয়টার দিকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: শহরসংলগ্ন মিয়াবাড়ী এলাকার খায়রুল মিয়া (২৫), আরিফুল মিয়া (১৪) ও নড়াইলের নড়াগাতি থানার মফিজুর খান (২১)।লিপটন বিশ্বাসের চাচাতো ভাই সাগর বিশ্বাস (৩৫) ও বোন পারুল বেগম (৩৫) জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-চাপাইল সড়কের চাপাইল এলাকায় ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌর এলাকার পোদ্দারের চর গ্রামের মিঠুন বিশ্বাসের (২৫) সঙ্গে লিপটনের বাগিবতণ্ডা হয়। এ সময় শহরসংলগ্ন মিয়াবাড়ী এলাকার আল-আমিন মিয়া (২৫) মিঠুনের পক্ষ নেন। একপর্যায়ে আল-আমিন মিয়া, মিঠুনসহ চার-পাঁচজন লিপটনকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন আল-আমিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আবার লিপটনকে কুপিয়ে গুরুতর জখম ও হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত কুমার মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত সাড়ে আটটার দিকে লিপটনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, শহরের মিয়াবাড়ীর আল-আমিনের নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগে দ্বিতীয় দফায় লিপটনকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।