হাসপাতালের জাল ছাড়পত্রে ১২ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জাল ছাড়পত্র ব্যবহার করে এক নারী নাটোর আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতের আরজিকে এফআইআর হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন।
এই মামলার বাদী হয়েছেন নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মহির উদ্দিনের স্ত্রী জয়গন বেগম। তিনি মামলার আরজিতে বলেছেন, ৩ নভেম্বর বিকেলে উপজেলার রঘুনাথপুর বাজারে আসামিরা মামলার এক নম্বর সাক্ষী (তাঁর দেবরের ছেলে) জয়নাল আবেদীনকে চায়নিজ কুড়াল, রামদা, হাঁসুয়া ও ডেগার দিয়ে কুপিয়ে জখম করে। রাতে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিসা দেওয়া হয়। পরদিন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ নভেম্বর পর্যন্ত জয়নাল চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে ২৩ নভেম্বর জয়গন বেগম নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-৩-এ একটি মামলা দায়ের করেন। মামলার আরজির সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ছাড়পত্র ব্যবহার করা হয়েছে।
এ মামলায় একই গ্রামের আমির আলীর ছেলে রেজাউল ও রবি, আশরাফ আলীর ছেলে লালন, লিখন ও লিমন, আকেব আলীর ছেলে ইতাম আলী, মুঞ্জুর রহমানের ছেলে বুলবুল ও তহিবুল, উজির আলীর ছেলে কালু, মজির উদ্দিনের ছেলে মামুন, বেলালের ছেলে উজ্জ্বল ও তফির সরকারের ছেলে আশরাফ আলীকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার এই ছাড়পত্রটি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ স ম বরকতুল্লাহর কাছে গেলে তিনি ছাড়পত্রটি যাচাই করার জন্য হাসপাতালের কর্মচারী আবদুল গণির কাছে পাঠান। নভেম্বর মাসের নথিপত্র দেখে আবদুল গণি বলেন, নভেম্বর মাসের ৪ তারিখে জয়নাল আবেদীন নামের কোনো রোগী এই হাসপাতালে ভর্তি হননি। এ ছাড়াও শারীরিকভাবে আহত কোনো রোগীকে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় না। এই ছাড়পত্রটি ১৭ নম্বর ওয়ার্ডের। এ ছাড়াও ছাড়পত্রে যে নিবন্ধনসংখ্যা ব্যবহার করা হয়েছে, তা সঠিক নয়। নভেম্বর মাসের সব ছাড়পত্রের নিবন্ধন নম্বরের প্রথম সংখ্যা ছিল দুই। কিন্তু এই ছাড়পত্রের নম্বরটি সাত দিয়ে শুরু হয়েছে। এটা হতেই পারে না।
উপপরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, হয়তো ওয়ার্ড থেকে ছাড়পত্রের একটি ফাঁকা ফরম নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক অথবা কোনো সেবিকাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে।
জয়নাল আবেদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ভর্তি ছিলেন। হাসপাতালের নথিপত্রে এর কোনো প্রমাণ নেই—এ কথা জানালে তিনি আবার বলেন, তিনি ভর্তি হয়েছিলেন। ছাড়পত্রের ত্রুটিগুলো একে একে ধরিয়ে দিতে থাকলে একপর্যায়ে তিনি ফোন কেটে দেন।
তবে আসামিপক্ষের তিন-চারজন বলছেন, জয়নাল আবেদীন নিজেই তাঁদের ওপর হামলা করেছিলেন। উল্টো ঘটনা সাজিয়ে হামলার শিকার ব্যক্তিদের নামেই মামলা করা হয়েছে।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, তিনি বাইরে আছেন। মামলাটির বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না। পরে খোঁজ নিয়ে বলতে পারবেন।