হাসপাতালের জেনারেটরটি বিকল ১১ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার প্রায় চার লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু বিদ্যুৎ না থাকলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যায় হাসপাতালটি। অথচ এখানে একটি জেনারেটর আছে। তবে তা বিকল হয়ে থাকাতেই এত দুর্ভোগ।৩১ শয্যাবিশিষ্ট দ্বিতল ভবনের এ হাসপাতালের যাত্রার শুরু থেকেই জেনারেটর থাকলেও ১১ বছর ধরেই তা বিকল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, তেলের পর্যাপ্ত বরাদ্দ না থাকা এবং মেরামতের অভাবে জেনারেটরটি আজও চালু করা সম্ভব হয়নি। এ নিয়ে ভুক্তভোগীদের তোপের মুখে পড়তে হয় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের।রোগীরা জানায়, রাতে বাধ্য হয়ে তাঁরা মোমবাতি কিংবা হারিকেন রাখে।মহিলা ওয়ার্ডের রোগী হাসিনা খাতুন (৩০) জানান, বিদ্যুৎ চলে গেলে মশার কামড়ে থাকা যায় না। অন্ধকারে ভয় লাগে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবিকা বলেন, ‘দিনে দায়িত্ব পালনে অসুবিধা না হলেও রাতে ভয়ে থাকতে হয়। ওই সময় আয়া, পিয়ন কেউ থাকে না। মোমবাতি জ্বালিয়ে বসে থাকি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের জেনারেটর বিকল থাকার কথা স্বীকার করে জানান, এটি মেরামত ও জ্বালানি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এ ব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জন তৈয়বুর রহমান জানান, জেনারেটরটি মেরামত ও জ্বালানির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।