হাসপাতালের নার্সের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি হাসপাতালের একজন নার্সের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আসিয়া আক্তার (২৫)। গত শুক্রবার বিকেলে পুলিশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আসিয়ার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আসিয়া দারুস সালাম থানার মাজার রোডে সেলিনা হাসপাতালের একজন নার্স। হাসপাতালের পাশেই সেবিকাদের জন্য নির্ধারিত কোয়ার্টারে থাকতেন তিনি। শুক্রবার দুপুরে তিনি বাথরুমে যান। কিছুক্ষণ পর কক্ষে ফিরে শুয়ে পড়েন। কিন্তু ১০-১৫ মিনিট পরই বমি করতে থাকেন তিনি। কক্ষের অন্যরা তাঁকে উদ্ধার করে সেলিনা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁর পাকস্থলী পরিষ্কার করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বিষপানে আত্মহত্যা করেছেন আসিয়া। সম্পর্কজনিত কোনো সমস্যার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আসিয়ার গ্রামের বাড়ি মেহেরপুরে।