হাসপাতালের নির্মাণাধীন ভবন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
শেরপুর জেলা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আজ রোববার সাদিকুল ইসলাম (২৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাস খানেক আগে সাদিকুল শেরপুর জেলা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তাঁর বড় ভাই তারিকুল ইসলামও এ ভবনের একজন নির্মাণশ্রমিক। আজ সকাল আটটার দিকে সাদিকুল নির্মাণাধীন ভবনের ছয়তলার ছাদে কাজ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।