হাসপাতালের পানি সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার মা ও শিশু হাসপাতালের নিচতলা থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পানি পুরোপুরি সরেনি। এতে রোগী, রোগীর স্বজন, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

হাসপাতালের পাশের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা এবং আগ্রাবাদ এক্সেস রোডেও গতকাল বিকেল পর্যন্ত একই অবস্থা ছিল। পানি জমে থাকায় আগ্রাবাদ এক্সেস রোডে যান চলাচল বিকেল পর্যন্ত বন্ধ ছিল। রিকশা ও ভ্যানে করে চলাচল করেন লোকজন। পরে সন্ধ্যার দিকে ওই এলাকার পানি নামতে শুরু করে।

ভারী বর্ষণে মঙ্গলবার গভীর রাত থেকে এসব এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নগরের বন্দর রিপাবলিক ক্লাবের সামনে মহেশখালের ওপর স্থাপিত অস্থায়ী বাঁধ দিয়ে দ্রুত পানি সরতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। গতকাল সন্ধ্যায় বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড় ও এমএম আলী সড়কেও হাঁটু পরিমাণ পানি জমে যায়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক মো. নুরুল হক গতকাল রাত আটটায় প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করে। তবে রাতেও হাসপাতালে গোড়ালি পরিমাণ পানি ছিল। এ জন্য গতকালও নিচতলায় হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

এদিকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গতকাল অনেক বাড়ির নিচতলায় বিকেল পর্যন্ত পানি ছিল। বিকেলে ওই আবাসিক এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, ভবনের নিচতলা ও সামনের সড়কে হাঁটু পরিমাণ পানি জমে আছে। এতে বাসা থেকে বের হতে কষ্ট হচ্ছে।