হাসপাতালের পুকুরে মিলল সরকারি ওষুধ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের পরিত্যক্ত পুকুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুকুরটিতে এসব ওষুধ ভাসতে দেখে কর্তৃপক্ষের নজরে আনেন। পরে হাসপাতাল প্রশাসন ও কোতোয়ালি মডেল থানা-পুলিশের কর্মকর্তারা সেখানে এসে এসব ওষুধ উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালের আয়া শেফালি বেগম ও তাঁর ছেলে মো. মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। তাঁরা ওই কোয়ার্টারের ২ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসিন্দা। তাঁদের বাসা থেকে আরও কিছু ওষুধ ও চিকিৎসাসামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরকারি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালের ওষুধ ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চিকিৎসক মাহমুদ হাসান খান জানান, এসব ওষুধের মোড়কে সরকারি সিল রয়েছে। হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, এসব ওষুধ সরকারি হাসপাতালের জন্য সরবরাহ করা, এটা নিশ্চিত।