হাসপাতালের ফটক বন্ধ করে গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ শয্যাবিশিষ্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গ্যারেজ না থাকায় যেখানে-সেখানে সাইকেল-মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি রাখা হচ্ছে। চিকিৎসক-কর্মচারীদের যানবাহন চুরি ঠেকাতে হাসপাতালের ফটকেই গড়ে তোলা হয়েছে অস্থায়ী গ্যারেজ।হাসপাতালের ফটকে প্রতিদিন কয়েক শ সাইকেল-মোটরসাইকেল রেখে দেওয়ায় এ ফটক দিয়ে কেউ হাসপাতালে যাতায়াত করতে পারছেন না। পাশাপাশি এতে হাসপাতালের পরিবেশও নষ্ট হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন রোগী, স্বজন, দর্শনাথী, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিলে প্রায় চার হাজার মানুষ এ হাসপাতালে আসেন। এ ছাড়া চিকিৎসক-কর্মচারী মিলে আরও আসেন প্রায় ৩০০ জন। হাসপাতালে বিভিন্ন প্রয়োজনে আসা অনেকেই তাঁদের সাইকেল-মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও অটোরিকশা হাসপাতাল চত্বরে রেখে ভেতরে যান। এই সুযোগে এসব যান চুরি করে নিয়ে যায় চোরেরা। চিকিৎসক-কর্মচারীদের সাইকেল-মোটরসাইকেল রাখার জন্য হাসপাতালের দক্ষিণ পাশের ফটক বন্ধ করে সেখানে গড়ে তোলা হয়েছে অস্থায়ী গ্যারেজ। গ্যারেজের নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন জানান, হাসপাতাল চত্বর থেকে গাড়ি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় প্রায় দেড় মাস ধরে চিকিৎসক-কর্মচারীদের গাড়ি রাখার জন্য এ ফটককে গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোগীর স্বজন শামস মো. শাহেদ বলেন, ‘গ্যারেজ না থাকায় হাসপাতাল চত্বরে গাড়ি রেখে ভেতরে যেতে হয়। এতে গাড়ি চুরির ঝুঁকি থাকে।’কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব জানান, কলেজের অনেক শিক্ষক আছেন, যাঁরা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কলেজে আসেন। গ্যারেজ না থাকায় বিচ্ছিন্নভাবে এসব গাড়ি পার্কিং করে রাখতে হয়। হাসপাতাল ও কলেজ মিলে একটা সমন্বিত গ্যারেজ প্রয়োজন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আফজালুর রহমান জানান, হাসপাতালে গ্যারেজ নির্মাণের জন্য বেশ কিছুদিন আগে গণপূর্ত অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল-সাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে চিকিৎসক-কর্মচারীদের মোটরসাইকেল-সাইকেল রাখার জন্য স্টাফগেটে অস্থায়ী গ্যারেজ করতে হয়েছে।গণপূর্ত অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী আবদুল গোফ্ফার বলেন, ‘ওই হাসপাতালে গ্যারেজ নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে গত অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু সেই বরাদ্দ না আসায় গ্যারেজ নির্মাণ করা যায়নি।’