বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ থাকা হাসপাতালের ফটক খুলে দেওয়া হয়েছে৷ এদিকে কলেজের আবাসিক ছাত্রীনিবাস থেকে চুরি যাওয়া ছাত্রীদের পাঁচটি মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ৷
কলেজ প্রশাসন বলছে, হাসপাতালের জরুির বিভাগের ফটক খুলে দেওয়া এবং মুঠোফোন উদ্ধারের মাধ্যমে দেড় মাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের অবসান হয়েছে৷
কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা জানান, গত ১৭ এপ্রিল রাতে মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ছাত্রীদের ছয়টি মুঠোফোন, একটি ট্যাব এবং নগদ টাকা চুরি হয়৷ এর প্রতিবাদে ১৯ এপ্রিল ছাত্রী হলে কাঁটাতারের বেড়া, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের জরুির বিভাগের ফটক খুলে দেওয়াসহ সাত দফা দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ করেন৷ পরে শিক্ষার্থীরা কলেজ ফটক দিয়ে হাসপাতালের রোগী-দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে তালা ঝুলিয়ে দেন৷ এ ঘটনায় কলেজ প্রশাসন একাডেমিক কাউন্সিলের জরুির বৈঠক শেষে একটি তদন্ত কমিটি গঠন করে৷
এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে কলেজ প্রশাসন ছাত্রীনিবাসে কাঁটাতারের বেড়া নির্মাণসহ নিরাপত্তা জোরদার করে৷ কিন্তু শিক্ষার্থীরা হাসপাতালের জরুরি বিভাগের বন্ধ থাকা ফটক খুলে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন৷ শিক্ষার্থীরা গত ২৫ মে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার সঙ্গে দেখা করে এই দাবি তুলে ধরেন৷
অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে কলেজের ছাত্রী হলে কাঁটাতারের বেড়া নির্মাণসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ হলের েভতরে ও বাইরে নিরাপত্তা ক্যামেরা বসানো হয়েছে৷ এ ছাড়া একাডেমিক কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার হাসপাতাল ফটক খুলে দেওয়া হয়েছে৷ এ ছাড়া চুরি যাওয়া মুঠোফোন উদ্ধার করে পুলিশ ছাত্রীদের কাছে তুলে দিয়েছে৷
বগুড়া সদর থানার ওসি আবু হায়দার মো. ফায়েজুর রহমান জানান, মুঠোফোন চুরির ঘটনায় মূল অপরাধীরা শনাক্ত হলেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷