হাসপাতালের বর্জ্য খোলা স্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের কোনো চিকিৎসাবর্জ্যই বিনষ্ট বা শোধন করা হচ্ছে না। সরাসরি সব ধরনের চিকিৎসাবর্জ্য ভাগাড়ে নিয়ে ফেলা হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করা হচ্ছে।
বর্জ্য বিনষ্ট ও শোধনব্যবস্থা না থাকায় বেসরকারি হাসপাতাল পরিবেশ ছাড়পত্রও দেওয়া হয়নি। এভাবেই চলছে শতাধিক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-প্যাথলজি। অপরদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য বিনষ্ট ও শোধন করার জন্য ইনসাইনেরেটর (চিকিৎসাবর্জ্য বিনষ্ট করার চুল্লি) থাকলেও দীর্ঘদিন থেকে তা নষ্ট হয়ে পড়ে রয়েছে। এখন সরকারি ও বেসরকারি পর্যায়ের সব চিকিৎসাবর্জ্যই ভাগাড়ে নিয়ে ফেলা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর বলছে, একেকটি ক্লিনিক একেকটি ইটভাটার সমগোত্রীয় পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান। বিধি অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকলে এবং এ বিষয়ে মামলা হলে তাদের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, রাজশাহী মহানগরে ৪৫টি ক্লিনিক ও হাসপাতাল এবং ৪১টি রোগনির্ণয় কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের বাইরে নয়টি উপজেলায় দেওয়া হয়েছে ২১টি ক্লিনিক ও ১৯টি রোগনির্ণয় কেন্দ্র। খোঁজ নিয়ে জানা গেছে, নিবন্ধন বা অনুমোদন পেতে হলে এদের পরিবেশ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক।
পরিবেশ অধিদপ্তর থেকে জানা গেছে, এ ধরনের প্রতিষ্ঠান থেকে ১১ ধরনের বর্জ্য উৎপাদিত হয়। এদের মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। এগুলো হচ্ছে: রক্ত, পুঁজ, দেহরস দ্বারা সংক্রমিত গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, সোয়াব, মব, প্লাস্টার, ক্যাথিটার, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের ব্যাগ-টিউব, রক্ত দ্বারা সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত বা দেহরস, ডায়েরিয়া রোগীর সংক্রমিত কাপড়চোপড়, সংক্রমিত সিরিঞ্জ ইত্যাদি। একই ধরনের ভয়াবহ এনাটমিক্যাল বর্জ্য—মানবদেহের কেটে ফেলা অঙ্গ-প্রত্যঙ্গ, টিস্যু, টিউমার, গর্ভফুল বা গর্ভসংক্রান্ত বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে রয়েছে: রেডি-অ্যাকটিভ আইসোটোপ, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রমিত সব বর্জ্য, অব্যবহৃত এক্স-রে মেশিনের হেড ইত্যাদি।
এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে সংরক্ষণ করে ইনসাইনেরেটরে বিনষ্ট ও শোধন করতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, তাঁদের ইনসাইনেরেটরটি নষ্ট হয়ে পড়ে আছে। মেরামতের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এর আগে মৌখিকভাবে জানিয়েছেন। গত বুধবার লিখিতভাবে জানানো হয়েছে।
রাজশাহী নগরের একাধিক বেসরকারি হাসপাতাল ও প্যাথলজির মালিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তাঁরা বলেন, তাঁদের ক্লিনিকের বর্জ্য নিয়ে যাওয়ার জন্য সিটি করপোরেশনের নির্ধারিত গাড়ি ও কর্মচারী রয়েছে। তাঁরা তাদের মাসিক চুক্তিতে টাকা দেন। এগুলো নিয়ে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ইনসাইনেরেটরে পোড়ানোর কথা। কিন্তু পোড়ানো হয় কি না, তাঁরা জানেন না।
গত সোমবার (১০ নভেম্বর) নগরের হাসপাতালের বর্জ্য কোথায় নেওয়া হয়, তা দেখার জন্য সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী ভ্যানগাড়ির পিছু নেওয়া হয়। দেখা যায়, প্রতিটি গাড়ি বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি থেকে বর্জ্য নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এক জায়গায় জড়ো করছে। একই জায়গায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্যও এনে ফেলা হচ্ছে। এই বর্জ্যের ভেতর থেকে স্যালাইনের পাইপসহ আরও কিছু জিনিস বাছাই করা হচ্ছে। সিটি করপোরেশনের একজন কর্মচারীও এই কাজ করছেন। জানতে চাইলে তিনি বলেন, এগুলো তাঁরা বাইরে বিক্রি করবেন।
এখান থেকে সব বর্জ্য সিটি করপোরেশনের ট্রাকে তুলে নগরের উত্তর পাশে সিটি করপোরেশনের ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্জ্য ফেলার সঙ্গে সঙ্গে একদল লোক এসে এর ভেতর থেকে বিক্রয়যোগ্য জিনিস খুঁজতে শুরু করে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা ইনসাইনেরেটর মেরামত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আশা করছেন আগামী ১৫ দিনের মধ্যে যন্ত্রটি ব্যবহার করা যাবে।
পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, চিকিৎসাবর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ মোতাবেক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকলেই তারা ছাড়পত্র পাবে। পরিবেশ ছাড়পত্র না থাকলে আইন অনুযায়ী বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা প্যাথলজির অনুমোদন পাওয়ার কথা নয়। তিনি বলেন, ইটভাটার মতোই হাসপাতাল-ক্লিনিক ‘কমলা-খ’ শ্রেণির পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান। তিনি বলেন, অনেকগুলো হাসপাতাল-ক্লিনিক ছাড়পত্রের জন্য আবেদন করেছে। কিন্তু বিধি অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকার কারণে তাদের ছাড়পত্র দেওয়া হয়নি। আইন অনুযায়ী এই অব্যবস্থাপনার জন্য ন্যূনতম দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। যেহেতু ব্যয়বহুল, সে জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তাঁরা যেন যৌথভাবে ইনসাইনেরেটর তৈরি করেন।