হাসপাতালের বারান্দা মেঝে রোগীতে ঠাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রাম থেকে ডায়রিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে এসেছেন মায়ারানী। সাংবাদিক পরিচয় পেতেই হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি। বললেন, খোলা বারান্দাতে স্যাঁতসেঁতে পরিবেশে চিকিৎসা নিতে খুব কষ্ট হচ্ছে। অসুস্থ ছেলের জন্য ভালো চিকিৎসাসেবা পেতেই এই হাসপাতালে আসা। কিন্তু এখানকার যে অবস্থা, তাতে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব নয়।
শয্যা না পেয়ে মায়ারানীর মতো প্রায় ৩০০ রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। অনেকে আবার হাসপাতালের বারান্দায়ও অবস্থান নিয়েছে। গত বুধবার সরেজমিনে হাসপাতালে এ চিত্র দেখা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এখানে ১০০ শয্যার কার্যক্রম চলছে। এই ১০০ শয্যার বিপরীতে এ হাসপাতালে ভর্তি ছিল ৩৯৪ জন রোগী। চিকিৎসকেরা বলছেন, হঠাৎ করে আবহাওয়ায় পরিবর্তন আসায় রোগীর চাপ বেড়ে গেছে।
বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ৪২ জন রোগী। এ ছাড়া পুরুষ ওয়ার্ডে ৩০ শয্যার বিপরীতে ১৩০, মহিলা ও গাইনি ওয়ার্ডে ৩০ শয্যার বিপরীতে ৮, মা ও শিশু ওয়ার্ডে ৩০ শয্যার বিপরীতে ৯৯ জন রোগী ভর্তি রয়েছে।
বহির্বিভাগও বেসামাল
এদিকে হাসপাতালের বহির্বিভাগেও এখন রোগীর চাপ বেশি। গতকাল এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে হাজারের বেশি রোগী। কিন্তু হাসপাতালে সব মিলিয়ে চিকিৎসক আছেন ১৬ জন। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
কী কারণে হঠাৎ এত রোগীর চাপ জানতে চাইলে হাসপাতালের (আরএমও) এস এম এহসানুল কবীর প্রথম আলোকে বলেন, তাপমাত্রায় হঠাৎ তারতম্য ঘটায় হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। ডায়রিয়া, সাধারণ সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। বিশেষ করে ছোটরা এসব রোগে আক্রান্ত হচ্ছে।
ওষুধ কিনতে হয় বাইরে থেকে
হাসপাতালে আসা রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতাল হলেও এখানে বেশির ভাগ ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে।
মা ও শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া ২৮ দিনের শিশু জেবার নানি রেবেকা খাতুন বলেন, গত মঙ্গলবার জেবা নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি সাধারণ ওষুধ ছাড়া ইনজেকশনসহ সবই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। অথচ সরকারি হাসপাতালে সব ওষুধ দেওয়া হয় বলে তিনি জেনে আসছেন।
চিকিৎসা নিতে আসা মনজুয়ারা, রহিদা, আনোয়ারসহ অনেকেই একই অভিযোগ করলেন।
জানতে চাইলে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আশিস কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, হাসপাতালটি খাতা-কলমে ২৫০ শয্যাবিশিষ্ট হলেও ১০০ শয্যার সুযোগ-সুবিধা নিয়ে চিকিৎসা দিতে হয়। যে কারণে সময়ের আগেই হাসপাতালের ওষুধ শেষ হয়ে যায়। ওষুধ ও জনবল-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়ে সমাধান মেলেনি।