হাসপাতালের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগে সিলেটের বেসরকারি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ নয়জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের যুগ্ম জেলা জজ (দ্বিতীয়) আদালতে শিশুর বাবা বদরুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান ওয়ালী তছর উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. মজম্মিল আলী, পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মোজাম্মেল হক, হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের রেজিস্ট্রার চিকিৎসক জাবের আহমদ, অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তানভীর আহমদ চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক শাফিনাজ মোস্তফা, অর্থোপেডিক ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. সেলিম, অর্থোপেডিক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহমুদ হাসান ও ওই সময় কর্তব্যরত সেবক (ব্রাদার)।
বাদীপক্ষে সিলেটের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, মুহাম্মদ তাজ উদ্দিনসহ আট সদস্যের আইনজীবী দল মামলা আদালতে দাখিল করেন। আইনজীবী তাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুরে মামলাটি দাখিল করা হলে আদালত মামলা গ্রহণ করেন। শুনানির তারিখ পরে ধার্য করা হবে।
মামলার আরজিতে বলা হয়, সিলেট নগরের মিরবক্সটুলা এলাকার বাসিন্দা বদরুর রহমানের ছেলে সাফী রহমান (৮) গত বছরের ১৮ জানুয়ারি বাসার দরজার হেজবল্টে চাপ লেগে ডান হাতের তর্জনীতে আঘাত পায়। রক্তক্ষরণ শুরু হলে বাসার পাশে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাফীকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নিয়ে যাওয়া হয়। তিন দিন পর অস্ত্রোপচার করা অংশ ড্রেসিং করানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ভুল চিকিৎসা হয়েছে বলে জানান।
অস্ত্রোপচার অংশে গ্যাংরিন হওয়ায় পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসকদের পরামর্শে সাফীর আঙুল কেটে ফেলা হয়।