হাসপাতালের ভবন নির্মাণে বাঁশের বাতা?

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার লিফটের পাশের টাইলস উঠে বাঁশের বাতা বেরিয়ে এসেছে।
২০১২ সালের ১৭ জুলাই তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক চারতলাবিশিষ্ট এই ভবনের উদ্বোধন করেন। গণপূর্ত অধিদপ্তর এই ভবনটি নির্মাণ করে। ইতিমধ্যেই ভবনের বিভিন্ন পিলার থেকে টাইলস খসে পড়ে যাচ্ছে। গতকাল এই ভবনের তৃতীয় তলার লিফটের সামনের একটি টাইলস উঠে গেলে তার নিচ থেকে বাঁশের বাতা বেরিয়ে পড়ে। বিষয়টি নিয়ে লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সেটি প্লাস্টার করে তার ওপরে একটি কালো কাপড়ের নেকড়া দিয়ে ঢেকে দেয়। কিন্তু লিফট থেকে মানুষ ওঠানামা করার সময় মানুষের পায়ের আঘাতে সন্ধ্যার পরই আবার প্লাস্টার উঠে বাঁশের বাতা বেরিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, একজন সাংবাদিক ফোন করেছিলেন। তাঁর কাছ থেকে শুনেছেন। তবে ভবন তৈরি করা পাঁচ বছর হয়ে গেছে। বাঁশ দিয়ে করা হলে এত দিন ভেঙে পড়ত। এই প্রতিবেদক নিজে বাঁশের বাতা দেখার কথা জানালে তিনি বলেন, তাহলে গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের জিজ্ঞেস করেন। তাঁরাই এই ভবন তৈরি করেছেন। তাঁরাই ঠিকাদার নিয়োগ করেছেন। কোন ঠিকাদার করেছেন, তাঁরাই বলতে পারবেন। ঘটনা সত্য হলে ঢাকা থেকে তদন্ত করার জন্য লোক আসবে।
রাতে তাৎক্ষণিকভাবে গণপূর্ত বিভাগের কোনো প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা যায়নি কোন ঠিকাদার এই নির্মাণকাজটি করেছিলেন।