হাসপাতালের ভবনে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ৫০ শয্যা হাসপাতালের আবাসিক ভবনে এনজিওর লোকদের বসবাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রধান অফিস সহকারী অন্যত্র বদলি হয়ে গেলেও তাঁর ব্যবহারের মালামাল বেশি থাকায় সরানোর আগ পর্যন্ত তাঁর দুই আত্মীয় বাসাটি পাহারা দিচ্ছেন এবং বর্তমানে ওই বাড়িটি রেজাউল করিম নামের এক ব্যক্তির নামে বরাদ্দ থাকলেও তিনি এখানে বসবাস করেন না।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এটি একটি সরকারি ইমারত। কিন্তু প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্মচারীরা ঠিকমতো বাসাবাড়ি পাচ্ছেন না। তার ওপর কর্মচারীদের নামে বরাদ্দ নিয়ে এনজিওর লোক রাখা হয়েছে। এসবের প্রতিবাদ করলে আগামীকালই টেকনাফ থেকে অন্যত্র চলে যেতে হবে। তাই ভয়ে কিছুই বলা হচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা যায়, টেকনাফ ৫০ শয্যার হাসপাতালের আবাসিক ভবনের একটিতে বসবাস করতেন তৎকালীন প্রধান অফিস সহকারী তুষার কান্তি পাল। পাঁচ মাস আগে তিনি টেকনাফ থেকে বদলি হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চলে গেলেও ওই বাসায় থাকছেন তাঁর শ্যালিকা ও স্বামী। তাঁরা দুজনই এনজিওতে চাকরিরত। অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার জেলায় তিনটি এনজিওকে সরকার রোহিঙ্গা ইস্যুতে বর্তমানে নিষিদ্ধ করেছে। তার একটি মুসলিম এইড। সেই মুসলিম এইডে চাকরিরত সুসুমা বৈদ্য ও তাঁর স্বামী বিরেন চন্দ্র সাদক টেকনাফের এনজিও শেডে কর্মরত আছেন।এনজিওতে চাকরি করে হাসপাতালের সরকারি আবাসিক ভবনে বসবাস করার কারণ জানতে চাইলে সুসুমা বৈদ্য ও স্বামী বিরেন চন্দ্র সাদক বলেন, ‘দুলাভাই তুষার কান্তি পাল যাওয়ার সময় আমাদের দিয়ে গেছেন। কিন্তু কয়েক দিনের মধ্যে তুষার ভাই আবার টেকনাফ চলে আসবেন, তাই বাসাটিতে আমরা বসবাস করছি।’ বাসা ভাড়া দেওয়া হয় কি না, জানতে চাইলে তাঁরা কোনো উত্তর দিতে পারেননি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী হাসপাতাল ভবনের একটিতে এনজিওর দুজন কর্মী বসবাস করছেন—এ কথা স্বীকার করে বলেন, ওই কক্ষে তুষার কান্তি পাল নামের অফিসপ্রধান থাকতেন। তিনি বদলি হয়ে যাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন বসবাস করছেন। কিন্তু এখন বাসাটি রেজাউল করিম নামের এক কর্মচারীর নামে বরাদ্দ রয়েছে।জেলা সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। কিন্তু স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে শোনার পর এখনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হচ্ছে।’