হাসপাতালের ভেতরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ববিতা বেগম (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ সেখানে তাঁর অসুস্থ স্বামীকে দেখতে গিয়েছিলেন। এ ঘটনায় স্বামী আইনুল ইসলাম (৩৮) ও তাঁর দ্বিতীয় স্ত্রী সাগরিকা বেগমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের পাশে রাঙামাটিয়া মহল্লার আইনুল ইসলাম একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। গত বুধবার রাতে আইনুলের প্রথম স্ত্রী ববিতা বেগম তাঁকে বাড়ি যাওয়ার জন্য ডাকতে আসেন। তখন আইনুল পরে যাবেন বলে একটি মুঠোফোন ববিতার হাতে দিয়ে তা নিয়ে যেতে বলেন। মুঠোফোনটি চোরাই হতে পারে বলে সন্দেহ হয় ববিতার। তাই মুঠোফোনটি এর মালিককে ফেরত দিতে বলেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এ সময় উত্তেজিত আইনুল সড়কে পড়ে থাকা একটি ইটের টুকরা দিয়ে নিজের মাথায় আঘাত করেন। এ ঘটনার পর তাঁর দ্বিতীয় স্ত্রী সাগরিকা ও অন্য লোকজন আইনুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বৃহস্পতিবার দুপুরে ববিতা স্বামীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এতে সাগরিকা ও স্বামী আইনুল ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে দুজনে মিলে ববিতাকে বেধড়ক পেটান। এতে স্বাস্থ্য কমপ্লেক্সেই মারা যান তিনি। এ ঘটনায় অন্য রোগী ও তাঁদের স্বজনেরা দুজনকে আটক করে পুলিশে খবর দেন। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর বলেন, ‘ওই নারী কীভাবে মারা গেলেন, তা আমাদের জানা নেই।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ববিতার কাছের কোনো আত্মীয় নেই। পুলিশ তাঁর এক খালার সন্ধান পেয়ে খবর দিয়েছে। তিনি এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।