হাসপাতালের ভেতরে নির্বাচনী প্রচারণা!
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার চিকিৎসা নিতে এসেছিলেন সুপন মিয়া (২৬)। হাসপাতালের প্রধান ফটকে পা দিতেই বিস্মিত তিনি। বড় বড় পোস্টার, ডিজিটাল ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো হাসপাতাল। পোস্টারে পোস্টারে ঢেকে দেওয়ায় হাসপাতালে তৈরি হয়েছে ঘুটঘুটে অন্ধকার পরিবেশ। ঢাকা পড়েছে বিভিন্ন বিভাগের পথনির্দেশনার লেখা। ঝকঝকে হাসপাতালের ভেতর এভাবে হাজার হাজার পোস্টার আর ব্যানার টানিয়ে দেওয়ায় তৈরি হয়েছে রীতিমতো ঘিঞ্জি পরিবেশ। সুপন মিয়া বলেন, ‘হাসপাতালে এসে মনে হলো, এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয়।’ শুধু সুপন মিয়া নন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের স্বজনেরা পরিবেশ দেখে হতবাক হয়েছেন। হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচন উপলক্ষে কয়েক দিন ধরে এসব ডিজিটাল পোস্টার ও বাহারি ব্যানার টানিয়ে হাসপাতালের ভেতর নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সূত্রে জানা গেছে, ১৫ জুন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে। এতে ১৭টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৪ পদে নির্বাচন করছেন ৩৯ জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র আনিছুর রহমান বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ সুস্বাস্থ্যের জন্য জরুরি হলেও নির্বাচনী পোস্টার টানিয়ে গোটা হাসপাতালকেই নোংরা করা হয়েছে।’ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং প্রচারণার কাজে ব্যস্ত রাহিলা বেগম বলেন, ‘পরিচালক স্যারের অনুমতিতেই হাসপাতালের ভেতর নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। তাঁর অনুমতিতেই এসব পোস্টার-ব্যানার টানানো হয়েছে।’ মহিলাবিষয়ক সম্পাদিকা পদে প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম জানান, তিনি তিন হাজার পোস্টার ছাপিয়েছেন। এসব পোস্টার হাসপাতালে লাগিয়েছেন। সেই হিসাবে প্রচারণার শেষদিকে ৩৯ প্রার্থীর কমপক্ষে এক লাখ পোস্টার শোভা পাবে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বলেন, ‘পোস্টার-ব্যানার টানানোর কারণে হাসপাতালের পরিবেশ একটু ঘিঞ্জি তো হচ্ছেই। তবে প্রশাসন বিভাগ অনুমতি না দিলে ভেতরে প্রচারণা চালানো হতো না।’ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আফজালুর রহমান প্রথম আলোকে জানান, নির্বাচনের পর প্রার্থীরা এসব পোস্টার-ব্যানার নিজ দায়িত্বে সরিয়ে নেবেন, এমন শর্তে হাসপাতালের অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে এসব টানানোর অনুমতি দেওয়া হয়েছে। এতে পরিবেশ কিছুটা বিঘ্নিত হলেও তা সাময়িক।