হাসপাতালের ভেতরে পানি নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পানি ঢুকে পড়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে কয়েক লাখ টাকার যন্ত্রপাতি। গতকাল বুধবার সকালে দুই ঘণ্টার বৃষ্টিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের পরীক্ষাগার, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও পরিবারকল্যাণ কক্ষের ১৬টি রেফ্রিজারেটর, এক্স-রে কক্ষের এক্স-রে মেশিন ও আসবাব দেড় ফুট পানির মধ্যে রয়েছে। ভান্ডারকক্ষের (স্টোর রুম) ওষুধসহ মূল্যবান সামগ্রীর মধ্যেও পানি ঢুকে পড়েছে। জরুরি বিভাগের বেঞ্চের ওপর রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পানির কারণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কোথাও যেতে না পারায় তাঁরা চেয়ার ও বেঞ্চের ওপর পা তুলে বসে রয়েছেন।পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক আফিয়া বেগম বলেন, পরীক্ষাগার ও এক্স-রে কক্ষের বিভিন্ন রাসায়নিক মিশে পানি গরম ও বিষাক্ত হয়ে উঠেছে। এ পানি শরীরে লাগলে চুলকানি ও জ্বালাপোড়া দেখা দিতে পারে।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী বলেন, ৩০ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার পর পুরোনো ভবনটির নিচতলায় দাপ্তরিক কাজ ছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সামান্য বৃষ্টিতেই এ ভবনের নিচতলা পানিতে তলিয়ে যায়। ভান্ডারকক্ষসহ বিভিন্ন কক্ষের মূল্যবান যন্ত্রপাতি ও ওষুধের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সেগুলোর ক্ষতি হচ্ছে।দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, পুরোনো ভবনটি অনেক নিচু হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। যন্ত্রপাতিগুলো সরানোর কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল এলাকায় পানিনিষ্কাশনের কোনো নালাও নেই।