গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালের মালিক, চিকিৎসক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে এক গৃহবধূর চিকিৎসায় অবহেলা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার জেলা বিচারিক হাকিম আদালত-৪-এ মামলাটি করা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আল-হেরা হাসপাতালের মালিক আবুল হোসেন, ব্যবস্থাপক আবুল হাসান ও চিকিৎসক হাজেরা খাতুন। বাদীর নাম মোশারফ হোসেন। তিনি শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল আমিন বলেন, আদালতের বিচারক মাহবুবা আক্তার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মোশারফ হোসেন বলেন, গত ১১ জুন তাঁর স্ত্রী মাহমুদা আক্তার তলপেটে ব্যথা অনুভব করেন। তাঁকে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত আল-হেরা হাসপাতালে হাজেরা খাতুনের কাছে নেওয়া হয়। হাজেরা খাতুন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, মাহমুদার জরায়ুতে টিউমার আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। ২৯ জুলাই অস্ত্রোপচার করা হয়। ঘণ্টা খানেক পর মাহমুদার রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি চিৎকার করতে থাকেন। এ অবস্থায় কাউকে কিছু না জানিয়ে হাজেরা খাতুন হাসপাতাল থেকে বেরিয়ে যান। রক্তক্ষরণ থামাতে ব্যর্থ হয়ে অন্য হাসপাতাল থেকে চিকিৎসক এনে ক্ষতস্থান বেঁধে মাহমুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করানোর পর জানা যায়, মাহমুদার শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না। তাঁর চিকিৎসা চলছে।
আল-হেরা হাসপাতালের মালিক আবুল হোসেন বলেন, অস্ত্রোপচার করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রোগীকে ঢাকায় পাঠানো হয়। ওই রোগী সেখানে চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন।