হাসপাতালের মূল্যবান জিনিসপত্র চুরি যাচ্ছে
বালুয়া হাসপাতাল নামে পরিচিত গাইবান্ধার রামচন্দ্রপুর পল্লি স্বাস্থ্যকেন্দ্র ভবনের জানালা-দরজা, আসবাবসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালের কক্ষে মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। কোনো কোনো কক্ষে গবাদিপশু পালন করা হচ্ছে।গাইবান্ধা শহর থেকে সাত কিলোমিটার দূরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া গ্রামে এই হাসপাতালের অবস্থান। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৯৬২ সালে নয় একর জমিতে এটি নির্মিত হয়। ৮ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের মোট আটটি ভবনের ছয়টিই পরিত্যক্ত। সেগুলোর দরজা-জানালা চুরি হয়ে গেছে। যত্রতত্র মলমূত্র। কোনো ধরনের আসবাব নেই ভেতরে। ভবনগুলোর কয়েকটি কক্ষের মাঝখানে সামান্য জায়গা পরিষ্কার করে রাখা হয়েছে। সেখানে রাতে চলে জুয়া খেলা।বালুয়া গ্রামের সংস্কৃতিকর্মী আনোয়ারুল ইসলাম জানান, তাঁদের চোখের সামনে দুর্বৃত্তরা দরজার-জানালা, রড, গ্লাস, কাঠ চুরি করে নিয়ে যায়। কক্ষগুলো খোলা থাকায় রাতে জুয়া খেলা, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কিছু হচ্ছে না। হাসপাতালের ফার্মাসিস্ট মাহবুবুর রহমান বলেন, এমনিতেই হাসপাতালে কোনো নৈশ প্রহরী নেই। উপরন্তু সীমানাপ্রাচীর থাকলেও গেট না থাকায় রাতে বহিরাগতরা চলাফেরা করে। তবে তিনি হাসপাতালের অব্যবহূত কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ অস্বীকার করেন।পরিবার কল্যাণ পরিদর্শক শাহানা চৌধুরী বলেন, ‘মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় হাসপাতালের পানি সরবরাহব্যবস্থা নেই। কোনোমতে কাজ চালাচ্ছি।’ নাম প্রকাশ না করার শর্তে বালুয়া গ্রামের এক স্কুলশিক্ষক জানান, স্থানীয় মাস্তান ও বখাটেদের নেতৃত্বে হাসপাতালে অপকর্ম চলছে। কিন্তু দেখার কেউ নেই। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই সরকারি সম্পদ খোয়া যাচ্ছে।গাইবান্ধার সিভিল সার্জন শহীদুল হক প্রথম আলোকে জানান, দরজা-জানালা ও মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার কোনো অভিযোগ তিনি পাননি। তবে হাসপাতালে চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল নেই। গাইবান্ধা সদর থেকে প্রেষণে একজন চিকিৎসক এনে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ কারণে এই বিশাল আকারের হাসপাতালের জিনিসপত্র খোয়া যেতে পারে। তিনি জানান, চিকিৎসক ও লোকবল চেয়ে সংশ্লিষ্ট বিভাগে বারবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। অথচ লোকবল থাকলে এটি চালু থাকবে। তখন জিনিসপত্র খোয়া যাওয়ার সুযোগ থাকবে না।