হাসপাতালের মেঝেতে শিশুদের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী ও জয়পুরহাটে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে গত কয়েক দিনে পাঁচ শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে হাসপাতালের চিকিৎসকেরা শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পটুয়াখালী ও জয়পুরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা না থাকায় মেঝে ও বারান্দায় রেখেই শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে। এতে অনেক শিশুর অবস্থার অবনতি হচ্ছে।পটুয়াখালী সদর হাসপাতালের অন্তবিভাগে গত কয়েক দিনে ১৩৯ জন শিশু চিকিৎসা নিয়েছে। একই সময়ে বহির্বিভাগে কয়েক শ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালের কার্যালয় সূত্র জানায়, ২৫০ শয্যার এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৮টি শয্যা আছে। এর বিপরীতে প্রতিদিন ওয়ার্ডে গড়ে ১৩০ থেকে ১৫০ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশু ওয়ার্ডের ৪৮টি শয্যার বিপরীতে ১২৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। শয্যার অভাবে শিশুদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর উপজেলার বড় বিঘাই গ্রামের নুরজাহান বেগম তাঁর সাত মাসের ছেলে মালেককে ছয় দিন আগে ভর্তি করান। তিনি জানান, তাঁর ছেলের টাইফয়েড হয়েছে। কিন্তু শয্যা না পাওয়ায় বারান্দায় রেখেই তাঁর ছেলের চিকিৎসা হচ্ছে। গলাচিপার রাঙ্গাবালী এলাকার পুষ্প বেগম তাঁর নিউমোনিয়ায় আক্রান্ত ছেলে বাপ্পীকে (ছয় মাস) বুধবার এখানে ভর্তি করান। শয্যা-সংকটের কারণে বাপ্পীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পটুয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম জানান, শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। গত এক সপ্তাহে জয়পুরহাট জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তবিভাগে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। হাসপাতালগুলোর বহির্বিভাগে একই সময়ে কয়েক শ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের এক পাশে শিশু ওয়ার্ডে মাত্র ছয়টি শয্যা রয়েছে। এই ছয়টি শয্যার বিপরীতে বুধবার ২৬ জন শিশুকে ভর্তি করা হয়েছিল। এতে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হয়েছে। শিশুদের মায়েরা জানান, চার-পাঁচ দিন আগে তাঁদের শিশুদের ভর্তি করা হলেও তাঁরা শয্যা (বেড) পাননি।সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শফিউল আজম জানান, ১০ থেকে ১৫ দিন ধরে প্রতিদিন বহির্বিভাগে শ্বাসকষ্ট, সর্দিজ্বর, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শান্তি প্রসাদ রায় জানান, আবহাওয়াজনিত কারণে কয়েকদিন ধরে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালে আলাদা শিশু ওয়ার্ড করে শয্যা সংখ্যা বাড়ানোর ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।