হাসপাতালের রোগীর লাশ পাশের জমি থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মণীন্দ্র চন্দ্র (৫০) নামের এক রোগীর লাশ হাসপাতালের ভবনসংলগ্ন জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। মণীন্দ্র উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাউয়াগাড়ি গ্রামের রূপ নারায়ণ চন্দ্রের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে মণীন্দ্র গত রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। স্থানীয় লোকজন গতকাল সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পেছনের জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গোলাম রাশেদ বলেন, মণীন্দ্র চন্দ্র ডায়াবেটিস ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছিলেন। সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ জমিতে পড়ে থাকতে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। আরএমও বলেন, ‘গতকাল সকালে আমি চিকিৎসাধীন অন্য রোগীদের দেখভাল করার সময় রোগীরা আমাকে বলেন, রাতে মণীন্দ্র পান-সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হয়ে আর ফিরে আসেননি।’
মণীন্দ্র চন্দ্রের স্ত্রী শোভা রানী বলেন, ‘আমার স্বামীকে ভর্তি করার পর আমি বাড়ি ফিরে যাই। গতকাল সকালে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি। কী কারণে মারা গেল বুঝতে পারছি না।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মণীন্দ্র চন্দ্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। তবে কী কারণে মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।