হাসপাতালের লিফটে মাথা আটকে ব্যবসায়ীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকার মেডিস্টার জেনারেল হাসপাতালের লিফটে মাথা আটকে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। পরে ওই ব্যবসায়ীর স্বজনেরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। গত সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমানের বোন সফুরা বলেন, সোমবার রাতে তাঁর অন্তঃসত্ত্বা ভাবি ওই হাসপাতালে ভর্তি হন। রাত একটার দিকে তাঁরা দুই বোন এবং দুজন নার্স হাসপাতালের নিচতলা থেকে লিফটে ওঠেন। তাঁর ভাই সাইদুর রহমান ওঠার সময় দরজা খোলা থাকা অবস্থাতেই লিফটটি প্রচণ্ড গতিতে ওপরের দিকে উঠে যায়। এতে লিফটের পা রাখা স্থানে তাঁর ভাইয়ের মাথা আটকা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তিনিসহ লিফটের ভেতরে থাকা সবাই আহত হন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, লিফটে মাথা আটকে সাইদুরের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের যন্ত্রাংশ খুলে সাইদুরের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনেরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সাইদুর সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকার আবু মিয়ার ছেলে। পেশায় স্যানেটারি সামগ্রীর ব্যবসায়ী। গতকাল দুপুর পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলা করতে থানায় আসেনি।এ ব্যাপারে ওই হাসপাতালের পরিচালক মানিকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।