হাসপাতালের লিফটের নিচে বৃদ্ধার লাশ
ফরিদপুর শহরের ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সূর্য খাতুন (৬৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সূর্য খাতুন ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামের মৃত মনসের খানের স্ত্রী।
সূর্য খাতুনের স্বজনেরা জানান, তিনি গত মঙ্গলবার ওই হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ভাগনি হালিমার কাছে যান। ওই দিন বিকেলে হালিমার একটি টিউমারে অস্ত্রোপচার করা হয়। পরে রাত নয়টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে গিয়ে সূর্য খাতুন নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে হালিমার ভাই ইসমাইল ব্যাপারী গত বুধবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হাসপাতালের লিফটম্যান রুবেল খান বলেন, গতকাল সকালে তিনি কাজে এসে লিফটের নিচ থেকে দুর্গন্ধ পান। পরে হাসপাতালের ২ নম্বর লিফটের নিচে একটি লাশ দেখতে পেয়ে তিনি বিষয়টি ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদকে জানান।
আবদুস সামাদ বলেন, বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানায় জানানো হলে সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সূর্য খাতুনের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় ডায়াবেটিক সমিতি একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূর্য খাতুনের ভাগনে ইউনুস ব্যাপারী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত থেকে তাঁর খালা নিখোঁজ ছিলেন। গত বুধবার সকালে বিষয়টি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমানকে জানালেও তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। এই ঘটনাকে তিনি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে বলেন, গতকাল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাঁর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।