সুনামগঞ্জে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন এ রোগে আক্রান্ত ৩০-৪০টি শিশু সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল রোববারও জেলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড় ছিল। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা ১২টি। রোগীর চাপ থাকায় শয্যা বাড়িয়ে ২৫টি করা হয়েছে। কিন্তু গতকাল শুধু ভর্তি হওয়া শিশুর সংখ্যাই ছিল ১৫৬। এদের সবাই নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। বহির্বিভাগে আরও শ খানেক শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সামিউল হক জানান, আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টি, গরম আবার ঠান্ডা এবং মায়েদের অসচেতনতার কারণেই সুনামগঞ্জে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নিউমোনিয়া থেকে শিশুকে রক্ষা করার জন্য তাঁর পরামর্শ—শিশুর পোশাক, বিছানা ও ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ঘাম দিলে শিশুর শরীর দ্রুত মুছে ফেলতে হবে। শিশুর যাতে ঠান্ডা না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডের শয্যা, মেঝে, বারান্দা—সবখানেই রোগী ও রোগীর স্বজনদের ভিড়। শিশু ওয়ার্ডের ভেতরে এক পাশে একটি নেবুলাইজার মেশিন রাখা। অথচ রোগী ১৫৬ জন। নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত শিশুদের দিনে দুবার নেবুলাইজারের সাহায্যে চিকিৎসা দেওয়া হয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহছান উজ জামান খান জানান, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপ বেশি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।