হাসপাতালের সংকট নিরসনে তিন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিনটি চিকিত্সাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তিনটি পৃথক কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিগুলোকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা ও বারডেম হাসপাতালে চিকিত্সকদের ওপর রোগীর স্বজনদের হামলার অভিযোগে এই তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে চিকিত্সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  এসব কথা বলেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বারডেমে হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। ওই দুটি ঘটনায় আহত সাংবাদিকদের চিকিত্সার ব্যয় ও ক্যামেরা ভাঙার ক্ষতিপূরণ সরকার বহন করবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী চিকিত্সকদের কথায় কথায় ধর্মঘট না ডাকার জন্য অনুরোধ করেন। তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ধর্মঘট না ডেকে সেটি মীমাংসার সুযোগ করে দিতে বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিত্সক ও সাংবাদিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে শিগগির একটি তথ্য ডেস্ক চালু হবে। যেকোনো ঘটনা ঘটলে ওই ডেস্ক সাংবাদিকদের তথ্য সরবরাহ করবে।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রোগী এবং চিকিত্সক ও হাসপাতালের সুরক্ষায় দুটি পৃথক আইন হচ্ছে। চিকিত্সকদের সনদপ্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদের আগামী অধিবেশনে আইনটি পাস করানো যায় কি না, সে বিষয়ে চেষ্টা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে কোনো সাংবাদিক প্রতিনিধি না থাকায় সেটি বাতিল করা হয়েছে।

তিনটি পৃথক কমিটি: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ঘটনা তদন্তে সৈয়দা আনোয়ারা বেগমের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। ওই কমিটিতে আরও আছেন বিএমএর মহাসচিব এম ইকবাল আর্সলান, সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক। এই কমিটির সদস্যসচিব হলেন উপসচিব মো. জিল্লুর রহমান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব আনোয়ার হোসেন। কমিটিতে আছেন বিএমএর সভাপতি মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক ও একজন সাংবাদিক প্রতিনিধি। এই কমিটির সদস্যসচিব হুমায়ুন কবীর।

বারডেমের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব গৌতম আইচ সরকার। এ কমিটির অন্য সদস্যরা হলেন বিএমডিসির চেয়ারম্যান আবু সফি আহমেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালক ও সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিনিধি। এ কমিটির সদস্যসচিব উপসচিব এজাজ আহমেদ জাভেদ।