
রাজধানীর কলেজ গেট এলাকায় অবস্থিত জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মূল ফটক। ফটকের সামনে মিরপুর সড়কে চলছে পানিনিষ্কাশনের নালা বসানোর কাজ। খোঁড়া বিশাল গর্তের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনকে হাসপাতালে প্রবেশে বেগ পেতে হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনেরা।
বিকল্প পথে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন হাসপাতালে প্রবেশবিষয়ক কোনো নির্দেশনাও মূল ফটকে টাঙানো নেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর রোডের কল্যাণপুর পদচারী-সেতু থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত অংশের উন্নয়নকাজ করছে। এর অংশ হিসেবে শ্রমিকেরা শ্যামলী থেকে কলেজ গেট পর্যন্ত সড়কের ফুটপাত, বিভাজক সংস্কারের কাজ করছেন। চলছে পানিনিষ্কাশনের পাইপ বসানোর কাজও।
গতকাল বৃহস্পতিবার দেখা যায়, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মূল ফটকের সামনে বিশাল গর্ত। এই ফটক দিয়ে হাসপাতালে যানবাহন প্রবেশের কোনো উপায় নেই। হাসপাতালে আসা লোকজনের চলাচলের জন্য গর্তের ওপর একটি সরু স্টিলের পাত ফেলা হয়েছে। তার ওপর দিয়েই লোকজন ঝুঁকি নিয়ে হাসপাতালে যাওয়া-আসা করছেন।
মূল ফটকের সামনে নির্মাণসামগ্রী আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বড় গর্ত খোঁড়া হলেও কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়নি। গর্তে নেমে কয়েকজন শ্রমিক কাদামিশ্রিত মাটি তুলে হাসপাতালের ফটকের সামনেই জড়ো করছেন।
হাসপাতালের মূল ফটকের সামনের সড়ক খোঁড়ায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনেরা। গাজীপুর থেকে চাচাকে নিয়ে হাসপাতালে আসা ইয়ামিন মুন্না বলেন, ‘রাতে অ্যাম্বুলেন্স নিয়ে এসে হাসপাতালে ঢুকতে পারছিলাম না। অন্য দিক দিয়ে ঘুরে গিয়ে দেখি আরেক ফটক বন্ধ। পরে ওই ফটক খোলার পর ঢুকতে পেরেছি। এখন ওষুধ বা খাবার আনতে যেতে কষ্ট করে সড়ক পার হচ্ছি।’
স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের একটি বিকল্প প্রবেশপথ আছে। অবশ্য তা অধিকাংশ সময় বন্ধ থাকে। বেশ কিছুদিন আগে এই সড়কটিতেও সংস্কারকাজ করেছে ডিএনসিসি। সড়কটি এখনো সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। সড়কের মুখেই পাইপ ফেলে অর্ধেক বন্ধ। বাকি অর্ধেক দিয়ে সড়কটিতে কিছু যানবাহন প্রবেশ করতে পারে।
মূল ফটক দিয়ে যান চলাচলের উপায় না থাকায় হাসপাতালে প্রবেশের বিকল্প পথটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে। অর্ধখোলা সেই ফটক দিয়ে ছোট আকারের গাড়ি প্রবেশ করতে পারলেও অ্যাম্বুলেন্সসহ বড় গাড়ি প্রবেশ করতে বেগ পেতে হয়। আর ফটকটির দুই পাশেই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট।
বেশ কিছুদিন ধরেই শ্যামলী থেকে কলেজ গেট পর্যন্ত সড়কে সংস্কারকাজ চলছে। এই সড়কের দুই পাশে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল অবস্থিত। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের মূল ফটকের সামনের রাস্তাও একইভাবে খোঁড়া হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. অজিয়র রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রধান প্রকৌশলীর কথা বলতে পরামর্শ দেন। প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কোনো নিয়মনীতি না মেনে সড়কে খোঁড়াখুঁড়ির ফলে প্রতিদিন এসব হাসপাতালে আসা হাজারো রোগী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ও নগরবিদ ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, জনদুর্ভোগ কমানো এবং বিকল্প ব্যবস্থা না রেখে শহরজুড়ে চলছে খনন। হাসপাতালের মতো জরুরি জায়গায় বিকল্প ব্যবস্থা না রেখে সড়ক খনন আসলে জনদুর্ভোগকে উপেক্ষা করা।