হাসপাতালের সামনে বাজে মাইক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে নিয়মিত সভা-সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সম্প্রতি এই প্রবণতা বেড়ে গেছে। মাইকের শব্দদূষণের কারণে হাসপাতালের রোগীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার লোকজন জানান, হাসপাতালের প্রধান ফটকে রাজনৈতিক দল ও সংগঠনের ব্যানারে নিয়মিত সভা-সমাবেশ করা হচ্ছে। এ কারণে হাসপাতালসংলগ্ন সড়কে যানজট লেগে থাকে। অন্যদিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শব্দদূষণের শিকার হতে হয়। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে এখানে প্রধান দুটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার প্রবণতা বেড়েছে।
আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, সভা-সমাবেশ করার জন্য স্টেশন সড়কের পাশে শহীদ ছমিরউদ্দিন মণ্ডল সঞ্চৃৃতি পার্ক (মুক্তমঞ্চ) রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সমস্যা হয়—এমন কাজ করা উচিত নয়।
হাসপাতালের ওয়ার্ডে থাকা এক রোগীর আত্মীয় লোকমান হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে চার-পাঁচটি মাইক লাগিয়ে সভা-সমাবেশ করা হচ্ছে। সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এসব কর্মসূচি চলে। ফলে হাসপাতালে থাকা রোগী ও তাঁদের স্বজনদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক চা-বিক্রেতা বলেন, লোকজনের সংখ্যা বেশি দেখাতেই এই এলাকায় রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করছে। সভা-সমাবেশ চলাকালে সড়ক ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে আড়াআড়িভাবে অনেক সময় চেয়ার দেওয়া হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতে গিয়ে রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। সড়ক দিয়ে চলতেও অসুবিধা হয়। চলতি নভেম্বর মাসের ২৩ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ১২টি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের হরতালবিরোধী চারটি ও বিএনপির হরতাল সমর্থনে আটটি সভা হয়েছে। সর্বশেষ ২০ নভেম্বর তারেক রহমানের জমঞ্চদিনের কেক কাটা হয় সেখানে। ওই অনুষ্ঠানে মাইক ব্যবহার করা না হলেও পটকা ফাটানো হয়েছে।
হাসপাতালের সামনে সভা-সমাবেশ করার কারণ জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘হাসপাতালের ওখানে সব সময় লোক থাকে। লোকজনকে শোনানোর জন্যই আমরা সভা-সমাবেশ করে থাকি।’ জানতে চাইলে পৌর বিএনপির সভাপতি মেয়র আলমগীর চৌধুরীও একই কথা বলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে ওয়ার্ডের দূরত্ব খুবই কম। সেখানে মাইক বাজিয়ে সভা-সমাবেশ করলে ওয়ার্ডের রোগীদের সমস্যা হওয়া স্বাভাবিক। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।