হাসপাতালের সামনে 'বাস স্টপেজ', যানজটে ভোগান্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকসংলগ্ন ব্যস্ততম এলাকা চরপাড়া মোড়। এ এলাকায় নিয়মবহির্ভূতভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো হয়। ফলে হাসপাতালের সামনের সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে রোগীসহ সাধারণ মানুষ।
ময়মনসিংহ থেকে ত্রিশালগামী বাসগুলোর বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শেরপুর ও নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী কিছু বাসও চরপাড়া এলাকায় থেমে যাত্রী নেওয়ায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
ত্রিশালগামী দুটি বাসের চালক বলেন, শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসার সময় হাতে গোনা কয়েকজন যাত্রী পাওয়া যায়। বেশির ভাগ যাত্রীই চরপাড়া মোড়ে বাসের অপেক্ষায় থাকেন। তাই সেখানে থামতে হয়।
জেলা নাগরিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে ত্রিশালগামী বাসগুলো শহরের ভেতর দিয়ে চলাচল করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে চরপাড়া এলাকার মানুষ। নাগরিক আন্দোলনের পক্ষ থেকে শহর থেকে এ বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই করা হচ্ছে। কিন্তু কাজ হয়নি।

গত সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরপাড়া মোড় এলাকায় দাঁড়িয়ে থেকে দেখা যায়, সেখানে ময়মনসিংহ থেকে ত্রিশালগামী বাসগুলো দীর্ঘ সময় দাঁড় করিয়ে যাত্রী ওঠাচ্ছে। ‘গেটলক’ বাসগুলো ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত থেমে যাত্রী ওঠালেও দুটি ‘লোকাল’ বাসকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত দাঁড় করিয়ে যাত্রী ওঠাতে দেখা যায়। যাত্রী ওঠানো নিয়ে সড়ক বন্ধ করে এসব বাসকে প্রতিযোগিতা করতেও দেখা গেছে। এতে চরপাড়া মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকতে দেখা যায়। পথচারীরা যানজট নিয়ে দুর্ভোগ ও বিরক্তি প্রকাশ করে।
নাজমা আক্তার নামের এক রোগীর স্বজন বলেন, যাত্রী ওঠানোর জন্য দুটি বাস প্রতিযোগিতা করছে। তাদের প্রতিযোগিতার জন্য শত শত মানুষ কষ্ট পাচ্ছে। রোগী নিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
শেরপুর ও নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাসগুলো কেওয়াটখালী বাইপাস হয়ে যাওয়ার নিয়ম থাকলেও কিছু বাস নিয়ম না মেনে চরপাড়া মোড় দিয়ে চলাচল করে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। সম্প্রতি শেরপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী একাধিক বাসকে চরপাড়া মোড়ে যাত্রী ওঠাতে দেখা গেছে।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, ‘শহরের মধ্যে বাস থামানোর নিয়ম নেই। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ময়মনসিংহ থেকে ত্রিশালগামী বাসগুলোকে চরপাড়া মোড়ে শুধু অপেক্ষমাণ যাত্রীদের ওঠানোর অনুমতি দেওয়া আছে। দীর্ঘ সময় দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর সুযোগ নেই। এ ধরনের বাসগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এ জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।’