হাসপাতালের সামনেই ডাস্টবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ এত দিন আবেদন জানিয়ে আসছিল যাতে ফটক লাগোয়া জায়গায় আবর্জনা না ফেলা হয়। কিন্তু সে আবেদন কানে তোলেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন। তারা আবর্জনা ফেলা বন্ধ না করে সেখানে স্থায়ী ডাস্টবিন বানানোর প্রক্রিয়া শুরু করেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরই এই স্থান নির্বাচন করে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের পুরান থানা রোডে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, সেখানে মা ও শিশুর জন্য ১০০ শয্যার একটি হাসপাতাল আছে। ওই হাসপাতালের প্রধান ফটকের খুব কাছে সিটি করপোরেশন সৌন্দর্যবর্ধনের জন্য রেলিং দেওয়া সড়কদ্বীপ (আইল্যান্ড) তৈরি করেছে। সড়কদ্বীপটির অর্ধেক জায়গা কেটে ফেলা হয়েছে। এখন সেখানে ইট, সুরকি, বালি রাখা। স্থায়ীভাবে ডাস্টবিন তৈরি করবেন যে শ্রমিকেরা, তাঁদের থাকার জন্য টিনের একটি ঘর তৈরি করা হয়েছে। কিছু কিছু জায়গায় আবর্জনার স্তূপ। দীর্ঘদিন ময়লা ফেলার কারণে চারপাশেই উৎকট দুর্গন্ধ ছড়িয়ে আছে।
একজন রোগী ও তাঁর স্বজন রিকশা থেকে নেমে নাকে হাত দিয়ে দ্রুত ফটকের ভেতরে ঢুকে গেলেন। সেখানে অপেক্ষারত অটোরিকশাচালক যাত্রী তোলার আগে তাঁর অটোরিকশায় আগের যাত্রীর ফেলে যাওয়া বিরিয়ানির খালি প্যাকেট ও পানির বোতল ফেললেন জায়গাটিতে। চারপাশের পরিবেশ দেখে হয়তো চালকের মনে হয়েছে এখানে নির্দ্বিধায় ময়লা ফেলা যায়। আবর্জনা ফেলার এবং ‘সৌন্দর্যবর্ধনের’ জায়গাটির কারণে আড়ালে পড়ে গেছে প্রতিষ্ঠানটির মূল ফটক।
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদের স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটিতে পর্যন্ত বিষয়টি আলোচিত হয়েছে। সিটি করপোরেশনের কাছে চিঠি লেখা হয়েছে অসংখ্যবার। তবে কাজের কাজ কিছুই হয়নি। এখন তো ফটকের সামনে স্থায়ীভাবে ডাস্টবিন তৈরির কাজ শুরু হয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘এই কয়েক দিন আগে সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আজকে (গতকাল) এখানে খোঁড়াখুঁড়ি বন্ধ ছিল। এখন শুনছি, ডাস্টবিনটি বড় করে তৈরি না করে ছোট করে তৈরি করা হবে। কিন্তু কথা তো সেই একই হলো। হাসপাতালে রোগীরা সেবা নিতে আসবে রুমাল নাকে চেপে। অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের সেবা দিতে হবে। আমরা চাই, ডাস্টবিন বা ডাম্পিং সেন্টারটি অন্য জায়গায় নেওয়া হোক।’
উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হাসপাতালের সামনে এ ধরনের ডাম্পিং সেন্টার না থাকাই ভালো।
সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিচালিত মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিবার পরিকল্পনা সেবার রেফারেল সেন্টার হিসেবে পরিচিত। ২০১১ সাল থেকে এ সেন্টারের ভেতরে ১০০ শয্যার মা ও শিশুস্বাস্থ্য হাসপাতাল চালু হয়েছে। সেখানে অস্ত্রোপচার করে সন্তান প্রসবসহ নানা সেবা দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা, শিশুদের টিকাদান, প্রজনন স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবা নিতে সেন্টারটিতে গড়ে প্রায় ৫০০ জন রোগী আসে। হাসপাতালের ২৪ ঘণ্টা জরুরি সেবাও চালু।
জানতে চাইলে অঞ্চল-৫-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বসুদেব সরকার প্রথম আলোকে বলেন, এটা অত্যাধুনিক ব্যবস্থা। ময়লা থাকলেও কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না। এখন প্রতি ওয়ার্ডে এমন দুটি করে স্টেশন তৈরি হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলরই এ জায়গা নির্ধারণ করে দিয়েছেন।