হাসপাতালের সামনেই ফেলা হচ্ছে বর্জ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট​িঙ্গবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা–আবর্জনা এভাবেই ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে l ছবি: প্রথম আলো
ট​িঙ্গবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা–আবর্জনা এভাবেই ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ডাস্টবিনে না ফেলে প্রতিষ্ঠানটির ফটকের সামনেই ফেলা হচ্ছে। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের পাশের কাঠ বাগানের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে আছে হাসপাতালের রোগীদের ব্যবহৃত ওষুধের বোতল, ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইনের প্যাকেট, রক্তমাখা তুলা, ব্যান্ডেজসহ হাসপাতালের বিভিন্ন বর্জ্য। এ ছাড়া হাসপাতালের ভেতরে বাগানের এক পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডাস্টবিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কুকুর ও কাক এসব বর্জ্য ঘাঁটলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। অবিলম্বে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, সেবা নিতে এসে এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে তাঁদের অস্বস্তিতে পড়তে হয়। হাসপাতালের মূল ফটকের পাশেই দুর্গন্ধের কারণে মুখে কাপড় দিয়ে হাসপাতালে ঢুকতে হয়। পরিবেশ রক্ষায় এসব বর্জ্য পুড়িয়ে বিনষ্ট করা উচিত। নইলে মাটি চাপা দেওয়া উচিত। কর্তৃপক্ষ এর কোনোটিই করছে না।
টঙ্গিবাড়ী পরিবেশ আন্দোলনের সভাপতি বিমল চন্দ্র পাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে, তখন হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের আশপাশে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব বর্জ্য কেবল পরিবেশ নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত এসব ময়লা-আবর্জনা কর্তৃপক্ষের অপসারণ করা উচিত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রায়হান-ই-জান্নাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মাত্র একজন। তাঁকে দিনে ও রাতে কাজ করতে হয়। রোগী ও নার্স সবাইকেই বর্জ্য ফেলার ক্ষেত্রে সচেতন হতে হবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ইতিমধ্যে নার্স ও স্টাফ কর্মচারীদের নিয়ে সভা করেছি। সভায় সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে যত্রতত্র আর বর্জ্য না ফেলা হয়।’