হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর হাসপাতালের একটি সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের উত্তর দিকে ট্যাংক পরিষ্কার করার সময় এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেড ও গুলি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
সেপটিক ট্যাংক পরিষ্কার করেছেন কার্ত্তিক নামের এক ব্যক্তিসহ তিনজন। জানতে চাইলে কার্ত্তিক প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টা থেকে তাঁরা ট্যাংকটি পরিষ্কার করছিলেন। দুপুরের দিকে তাঁর বালতির সঙ্গে শক্ত একটি বস্তু উঠে আসে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের সুপার ম্যাডামকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ ওই ধরনের আরও ছয়টি বস্তু ও ২৭টি গুলি উদ্ধার করে। পরে পুলিশ জানায়, শক্ত বস্তুগুলো গ্রেনেড।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, ‘৪৭টি গুলির মধ্যে ১২টি পিস্তলের ও ৩৫টি এসএলআর রাইফেলের। গ্রেনেড ও গুলিগুলো সেপটিক ট্যাংকে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। এগুলো অনেক আগের বলে ধারণা করা হচ্ছে। আমাদের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে আরও বিস্তারিত জানা যাবে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, তিনি গত ১০ বছর ধরে হাসপাতালে আছেন। এর মধ্যে ট্যাংকটি কখনও পরিষ্কার করা হয়নি। এর আগে পরিষ্কার করা হয়েছিল কিনা-তা তিনি জানেন না।