ভোলা
হাসপাতালের ১৬৪ কর্মী ৯ মাস বেতন পাচ্ছেন না
ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা নিয়োগ পেয়েছেন। প্রতি মাসে একজন বেতন পান ১৭ হাজার ১৩০ টাকা।
সিভিল সার্জন নীতিমালা মেনে কর্মীদের নিজ নামের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে বেতন দিতে নির্দেশনা দিয়েছেন।
তবে ঠিকাদার অভিযোগ করেছেন, টাকা না দেওয়ায় সিভিল সার্জন বিল আটকে রেখেছেন।
ভোলায় সরকারি হাসপাতালগুলোয় আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া ১৬৪ জন কর্মী ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাঁদর।
এ সম্পর্কে সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম বলেন, নীতিমালা মেনে আউটসোর্সিং সেবা প্রদানকারীদের নিজ নামের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে বেতন দিতে বলেছেন। বিগত সময়ে দেখা গেছে, ঠিকাদার বিল তুলে ৪-৫ শতাংশ টাকা কেটে রেখে বেতন দিতেন। এটি নীতিমালাবিরোধী।
ভোলার সদর হাসপাতাল ও সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক, স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, পাম্প অপারেটর, এয়ারকন্ডিশন্ড অপারেটর, জেনারেটর অপারেটর, ওয়ার্ড বয়, ওয়েল্ডার, মিটার রিডার পদে বিভিন্ন সময়ে ১৬৪ জন নিয়োগ দেওয়া হয়েছে। ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির ট্রেডার্সের মাধ্যমে এই চতুর্থ শ্রেণির কর্মচারীরা নিয়োগ পেয়েছেন। প্রতি মাসে একজন বেতন পান ১৭ হাজার ১৩০ টাকা। দিন হিসাবে দেওয়া বেতনের সঙ্গে পাবেন বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ও দুই ঈদের ভাতা।
আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা-২০১৮ অনুযায়ী, সেবা প্রদানকারীর সেবামূল্য তাঁর নিজ নামের ব্যাংক হিসাবে দিতে হবে। চেকের মাধ্যমে টাকা তুলবেন সেবা প্রদানকারী।
আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কয়েকজন কর্মী জানান, তাঁরা ব্যাংক হিসাব খোলেননি। ঠিকাদার তাঁদের নগদ টাকা দিতেন। প্রতি মাসে তাঁদের বেতন দেওয়ার কথা। কিন্তু ৬-৭ মাস পর বেতন পান। এখন তো বছর হতে যাচ্ছে। ঠিকাদার ও সিভিল সার্জনের সঙ্গে বিরোধ দেখা দেওয়ায় বেতন আটকে আছে। দীর্ঘদিন বেতন না পেয়ে তাঁরা কষ্টে আছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসব কর্মীর বেতন ও ঠিকাদারের বিল পাস করতেন। ঠিকাদারের নামে চেক হতো। ঠিকাদার টাকা তুলে কমিশন রেখে সেবাকর্মীদের টাকা দিতেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বিল পাস করতে নিষেধ করেছেন নতুন সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম। হিসাবরক্ষণ অফিসকে তাঁর নামে চেক দিতে বলেছেন।
জাকির হোসেন অভিযোগ করেন, কর্মচারীদের পাঁচ মাস ২০ দিনের বেতন, ভাতা, ঠিকাদারের কমিশন মিলে প্রায় এক কোটি টাকা। পুরো টাকার ৫ শতাংশ দাবি করেছেন সিভিল সার্জন। টাকা না দেওয়ায় তিনি বিল আটকে রেখেছেন। বিষয়টি জেলার সব সাংসদকে জানিয়েছেন।
এই অভিযোগ অস্বীকার করে সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম বলেন, তিনি নীতিমালা মেনে বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাঁর অ্যাকাউন্টে টাকা আনতে চাননি।