নিরাপত্তা চেয়ে হাসান আজিজুল হকের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিজের নিরাপত্তা চেয়ে আজ সোমবার দুপুর দুইটার দিকে নগরের মতিহার থানায় তিনি এ জিডি করেন।

জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছি। স্যারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

গতকাল রোববার বিকেল সোয়া চারটার দিকে হাসান আজিজুল হককে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় একই কায়দায় কয়েক দিন আগে বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামানকেও হুমকি দেওয়া হয়েছে। এভাবে একের পর এক বিশিষ্ট ব্যক্তিকে মৃত্যু-হুমকি দেওয়া মোটেও কোনো স্বাভাবিক ও বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁরা দল-মত-শ্রেণি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।

হাসান আজিজুল হককে হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সংগঠনটির সংক্ষিপ্ত সমাবেশে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন: