হাসান আজিজুল হককে রাবির গ্রন্থাগার প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আজ দুপুরে হাসান আজিজুল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ছবি: শহীদুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম প্রথম আলোকে জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে রাজশাহীবাসী, পরিবার ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে হাসান আজিজুল হককে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল সোমবার রাত ৯টার দিকে বাংলা সাহিত্যের এই প্রখ্যাত কথাসাহিত্যিক রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বার্ধক্যের কারণে তিনি মারা গেছেন।

হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করেছেন। তিনি একাধারে গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি। এই কথাসাহিত্যিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮২ বছর বয়সী হাসান আজিজুল হক বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২১ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসা নেন তিনি। কিছুটা সুস্থ হওয়ার পর ৯ সেপ্টেম্বর তাঁকে রাজশাহীতে ফিরিয়ে নেওয়া হয়।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোহাম্মদ দোয়া বখশ্ ও মা জোহরা খাতুন। জীবনের অধিকাংশ সময় হাসান আজিজুল হক রাজশাহীতে কাটিয়েছেন।