হাসান আলীকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের
মুক্তিযুদ্ধকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ‘রাজাকার’ সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
হাসান আলীকে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, আগামী ১৫ মের মধ্যে হাসান আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানিয়ে রাষ্ট্রপক্ষকে প্রতিবেদন দাখিল করতে হবে।
আবেদনের পক্ষে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান বলেন, হাসান আলী ব্রাহ্মণবাড়িয়া সদরের মাছিহাতা গ্রামে থাকেন। এলাকাটি ভারতের সীমান্তবর্তী হওয়ায় যেকোনো সময় তিনি ভারতে পালিয়ে যেতে পারেন। তাই বিচারে বিঘ্ন ঘটার আগেই তাঁকে গ্রেপ্তার করা উচিত।
আবেদনে বলা হয়, হাসান আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। গত বছরের ৬ জুন থেকে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের সুবিধার জন্য তাঁকে গ্রেপ্তার করা দরকার।
তদন্ত সংস্থা জানায়, হাসান আলীর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর বাবা মাওলানা মুসলেহউদ্দীন কিশোরগঞ্জে মাদ্রাসার শিক্ষক ছিলেন। সত্তরের নির্বাচনের সময় তিনি নূরুল আমিনের নেতৃত্বাধীন পিডিপির সহসভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি কিশোরগঞ্জ মহকুমার শান্তি কমিটির সভাপতি হন। একাত্তরে তাঁর ছেলে হাসান আলী রাজাকার বাহিনীর কমান্ডার থাকলেও একপর্যায়ে তাঁকে তাড়াইল থানার দারোগা নিয়োগ করা হয়। একাত্তরের দুটি ঘটনায় হাসান আলীর নিজের হাতে পাঁচজন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধকালে নৃশংসতার শিকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে।