হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, হাসান আলীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ১৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে গত বৃহস্পতিবার হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ। আনুষ্ঠানিক অভিযোগে হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আটক ও নির্যাতনের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, একাত্তরে কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন হাসান আলী। ওই সময় তিনি তাড়াইলে ‘রাজাকারের দারোগা’ নামে পরিচিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২৯ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের কাছে হস্তান্তর করে। গত ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-১ হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।