মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ হাসান আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল গতকাল সোমবার। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ গতকাল ট্রাইব্যুনালে সময়ের আরজি জানিয়ে বলেন, তদন্ত সংস্থা হাসান আলীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হবে।
পরে ট্রাইব্যুনাল ৫ আগস্টের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দেন।
তদন্ত সংস্থা হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গত রোববার বিকেলে রাষ্ট্রপক্ষকে হস্তান্তর করে। প্রতিবেদন হস্তান্তরের আগে তদন্ত সংস্থা আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে জানায়, হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় থাকতেন এবং তাড়াইলের ‘রাজাকার কমান্ডার’ ছিলেন। তদন্তে তাঁর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আটক ও নির্যাতনের ছয়টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ এবং ১২৫টি ঘরবাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
এই ট্রাইব্যুনাল গত ৩ এপ্রিল হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
ফোরকান মল্লিককে ৩ জুলাই হাজির করার নির্দেশ: মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া পটুয়াখালীর ফোরকান মল্লিককে ৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখাতে ও হাজির করতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। লিখিত আবেদনে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির নাম না লেখায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন।
ওই আবেদনে লেখা ছিল ‘ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলী বনাম মো. ফোরকান মল্লিক’। এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমানকে ট্রাইব্যুনাল বলেন, ‘তিনি (চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু) কী মারা গেছেন, না কি অফিসে নেই? এটা ট্রাইব্যুনাল আইনের লঙ্ঘন।’ এ ছাড়া আবেদনে ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ শব্দগুলোর পরিবর্তে ‘সুষ্ঠু বিচারের স্বার্থে’ লেখা হয়। ট্রাইবুনাল বলেন, আদেশ দেওয়া হচ্ছে। তবে আবেদনে যেসব ভুল আছে, সেগুলো সংশোধন করে আবার আবেদন দাখিল করতে হবে।