হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য ২৪ আগস্ট দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালকে বলেন, অভিযোগ প্রস্তুতের জন্য আরও সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের দিন পুনর্নির্ধারণ করেন।
হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গত ২৯ জুন রাষ্ট্রপক্ষকে হস্তান্তর করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আটক ও নির্যাতনের ছয়টি অভিযোগ রয়েছে।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে হাসান আলী কিশোরগঞ্জের তাড়াইল থানার ‘রাজাকার কমান্ডার’ ছিলেন। তাঁর বিরুদ্ধে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ এবং ১২৫টি ঘরবাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
গত ৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।